নিরীক্ষা প্রতিবেদনে ‘ব্যাকডেটিং’ রোধে কঠোর এফআরসি, শাস্তির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট

নিরীক্ষা প্রতিবেদনে ‘ব্যাকডেটিং’ রোধে কঠোর এফআরসি, শাস্তির হুঁশিয়ারি
Share

নিরীক্ষা প্রতিবেদনে পূর্বের তারিখ দিয়ে সই বা ‘ব্যাকডেটিং’ বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। নতুন নির্দেশনায় সংস্থাটি এ ধরনের অনিয়মকে গুরুতর পেশাগত অসদাচরণ হিসেবে চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিয়েছে।

সম্প্রতি জারি করা নির্দেশনায় এফআরসি জানিয়েছে, নিরীক্ষা প্রতিবেদনের তারিখ কেবল আনুষ্ঠানিক বিষয় নয়; বরং এটি নিশ্চিত করে যে নিরীক্ষক প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ সম্পন্ন করেছেন এবং নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, সইয়ের তারিখ পরিবর্তন বা কারসাজি বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও সাধারণ জনগণকে বিভ্রান্ত করে এবং আর্থিক প্রতিবেদন ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে।

এফআরসি উল্লেখ করেছে, আন্তর্জাতিক নিরীক্ষা মানদণ্ড (আইএসএ) অনুযায়ী নিরীক্ষা প্রতিবেদনে ব্যাকডেটিং সম্পূর্ণ নিষিদ্ধ এবং বর্তমান আইনেও এর কোনো অনুমোদন নেই।

নতুন নির্দেশনা অনুযায়ী, নিরীক্ষা প্রতিবেদনে সইয়ের আগে সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদের মাধ্যমে আর্থিক প্রতিবেদন অনুমোদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরীক্ষার সব কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই প্রতিবেদনে সই করতে হবে এবং সইয়ের তারিখ সেই সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

স্বচ্ছতা বাড়াতে বাধ্যতামূলক করা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) ব্যবহার। নিরীক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন কোড (ডিভিসি) সংগ্রহ করতে হবে—সইয়ের তিন দিনের মধ্যে কোড নিতে হবে। বিশেষ ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে কোড সংগ্রহ করা যাবে, তবে তা থাকবে নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারিতে।

নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, সময়সীমা লঙ্ঘন বা ব্যাকডেটিং প্রমাণিত হলে তা পেশাগত অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট নিরীক্ষক ও নিরীক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অর্ডার, ১৯৭৩সহ প্রযোজ্য আইন অনুযায়ী শাস্তি আরোপ করা হতে পারে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৪৭ পিএম | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com