
| রবিবার, ১২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 678 বার পঠিত

দেশের তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে সচেতন ও বীমা কার্যক্রমে সম্পৃক্ত করতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ পালনের ঘোষণা দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই গ্রাহক সেবা পক্ষ পালিত হবে।
এই উদ্যোগের অংশ হিসেবে দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে দুটি বিশেষ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে আইডিআরএ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি নির্দেশনা কোম্পানিগুলোর কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রথম কর্মসূচি হিসেবে তরুণদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে ‘তরুণদের বীমা বিষয়ক কার্যক্রমে উদ্বুদ্ধকরণ কর্মসূচি’ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দ্বিতীয় কর্মসূচিতে, ‘জুলাই বিপ্লব’-কে উপজীব্য করে তরুণদের জন্য নতুন বীমা পরিকল্প উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে—যাতে তারা জীবন ও সম্পদের সুরক্ষায় আরও সচেতন ও সম্পৃক্ত হয়।
আইডিআরএ জানিয়েছে, এই উদ্যোগ বীমা খাতে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি, ভবিষ্যৎ সুরক্ষা সম্পর্কে সচেতনতা জোরদার এবং বীমা পণ্যে উদ্ভাবন ত্বরান্বিত করবে।

Posted ২:০৭ অপরাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


