
| সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 699 বার পঠিত

দীর্ঘদিন অনাদায়ী ঋণ আদায়ে ব্যাংক কর্মকর্তাদের উৎসাহ দিতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মন্দ বা শ্রেণিকৃত ঋণ ৩০ কার্যদিবস আগে নোটিশ দিয়ে রাইট অফ (অবলোপন) করা যাবে। এসব অবলোপনকৃত ঋণ আদায় হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আদায়কৃত অর্থের সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত নগদ প্রণোদনা পাবেন।
রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে খেলাপি ঋণ রাইট অফ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অনাদায়ী ঋণ স্থিতিপত্রে প্রদর্শনের ফলে ব্যাংকের ব্যালান্সশিটের আকার অপ্রয়োজনীয়ভাবে স্ফীত হচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করে এসব ঋণ রাইট অফের সুযোগ আরও সহজ করা হয়েছে।
আগের নিয়মে মন্দ বা শ্রেণিকৃত ঋণ অন্তত দুই বছর পুরোনো না হলে অবলোপনের সুযোগ ছিল না। নতুন নিয়মে এই সময়সীমা তুলে দেওয়া হয়েছে। এখন ৩০ কার্যদিবস আগে ঋণগ্রহীতাকে নোটিশ দিয়ে অবলোপনের সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে ঋণগ্রহীতা পুরো দায় পরিশোধ না করা পর্যন্ত খেলাপি হিসেবেই থাকবেন।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, অবলোপনকৃত ঋণ আদায়ে কর্মকর্তাদের নগদ প্রণোদনা প্রদানের জন্য ব্যাংকগুলো নিজস্ব নীতিমালা প্রণয়ন করবে। কোনো ব্যাংকের এ ধরনের নীতিমালা না থাকলে পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে তা তৈরি করতে হবে।
এ ছাড়া প্রতিটি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার দুই ধাপ নিচে একজন কর্মকর্তাকে ‘অবলোপনকৃত ঋণ আদায় ইউনিট’-এর প্রধান হিসেবে নিয়োগ দিতে হবে। আদায়কৃত অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত প্রণোদনা ব্যাংকের এমডি বা সিইও পাবেন, বাকি অংশ ইউনিট প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে বণ্টন করা হবে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

Posted ২:২১ অপরাহ্ণ | সোমবার, ২০ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


