
| সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 408 বার পঠিত

পাঁচটি অকার্যকর ঘোষিত শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনে প্রাথমিক সম্মতিপত্র (এলওআই) দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন আরজেএসসি থেকে কোম্পানি লাইসেন্স নিয়ে চূড়ান্ত লাইসেন্সের প্রক্রিয়া শুরু হবে।
রোববার (৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক বেশকিছু শর্তসাপেক্ষে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে এলওআই ইস্যু করেছে।
এদিকে, সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা, অর্থছাড়সহ বিভিন্ন বিষয়ে রোববার বিকেলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও অর্থ মন্ত্রণালয়ের দুই সচিব উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক, এই পাঁচ ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংকে রূপ নিচ্ছে। প্রাথমিকভাবে এটি সরকারি মালিকানায় পরিচালিত হবে।
প্রস্তাবিত ব্যাংকের অস্থায়ী বোর্ডে আছেন সাতজন সচিব, চেয়ারম্যান করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে।
গত ৫ নভেম্বর তারল্য সহায়তা দিয়েও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ব্যাংক পাঁচ ব্যাংককে অকার্যকর ঘোষণা করে, বোর্ড বাতিল ও এমডি’দের পদত্যাগের নির্দেশ দেয়। এরপর প্রতিটি ব্যাংকে একজন প্রশাসকসহ পাঁচজন করে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা দায়িত্ব নেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, একীভূত ব্যাংকটি হবে দেশের সবচেয়ে বড় আকারের ব্যাংক। আমানতকারীদের অর্থ নিরাপদ—প্রাথমিকভাবে ২০ হাজার কোটি টাকা সরকার বিনিয়োগ দেবে এবং আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে। মোট প্রস্তাবিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা।
এখন পাঁচ ব্যাংকের সম্পদ-দায় যাচাই, শাখা কাঠামো স্থায়ীকরণ ও জনবল পুনর্বিন্যাস চলবে। প্রক্রিয়াটি শেষ হতে দুই বছর লাগতে পারে।
বর্তমানে পাঁচ ব্যাংকে ৭৫ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণ ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা (৭৬%) খেলাপি।
আগের নামে ব্যাংকগুলোতে এলসি, আমদানি-রপ্তানি, রেমিট্যান্স ও পেমেন্ট, সব কার্যক্রম চলবে। আমানত উত্তোলন ধাপে ধাপে খুলবে, প্রথমে ২ লাখ টাকার নিচে আমানতকারীরা অর্থ তুলতে পারবেন। দু’লাখের বেশি আমানতের বিষয়ে আলাদা নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া, একীভূত ব্যাংকে চাকরি হারানোর ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Posted ৭:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


