
| বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 785 বার পঠিত

বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ অবলোপনের ক্ষেত্রে দুই বছরের বাধ্যতামূলক সময়সীমা তুলে নিয়েছে। এখন থেকে কোনো ঋণ ‘মন্দ ও ক্ষতিজনক’ মানে শ্রেণিকৃত হয়ে ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা ক্ষীণ মনে হলেই সংশ্লিষ্ট ব্যাংক তা অবলোপন করতে পারবে। এর ফলে ব্যাংকগুলো দ্রুত ঝুঁকিপূর্ণ ঋণ পৃথক করতে পারবে এবং ব্যালান্স শিট আরও বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা সম্ভব হবে।
সোমবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ বিষয়ে নতুন সার্কুলার জারি করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত এবং ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা খুব কম—এমন ঋণ হিসাব অবলোপন করা যাবে। কালানুক্রমিকভাবে পুরনো ও ক্ষতিজনক ঋণগুলোকে অগ্রাধিকার দিয়ে অবলোপন করতে হবে। কোনো ঋণ অবলোপনের সিদ্ধান্ত নেওয়ার অন্তত ১০ কর্মদিবস আগে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে বিষয়টি জানাতে হবে।
এর আগে ২০২৪ সালের নির্দেশনায় বলা ছিল যে, দুই বছর ধরে মন্দ ও ক্ষতিজনক অবস্থায় থাকা ঋণই অবলোপনের যোগ্য। নতুন নির্দেশনার ফলে ওই সময়সীমা আর প্রযোজ্য থাকছে না।
ঋণ অবলোপন হলো দীর্ঘ সময় ধরে আদায় না হওয়া এবং আদায়ের সম্ভাবনা ক্ষীণ ঋণকে ব্যালান্স শিট থেকে সরিয়ে আলাদা লেজারে সংরক্ষণ করা। তবে অবলোপনের পরও ব্যাংকের দাবির অধিকার বহাল থাকে এবং আদায় কার্যক্রম চালিয়ে যাওয়া যায়।
এই পরিবর্তনের ফলে ব্যাংকগুলো দ্রুত ঝুঁকিপূর্ণ ও অকার্যকর ঋণ শনাক্ত করে আর্থিক প্রতিবেদনকে আরও শক্তিশালী করতে পারবে বলে মনে করা হচ্ছে।

Posted ৭:০৭ অপরাহ্ণ | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


