
| বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 403 বার পঠিত

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে অভিজ্ঞতার শর্ত আরও কঠোর করল বাংলাদেশ ব্যাংক। বুধবার জারি করা নতুন নির্দেশনায় আগের সার্কুলারের একটি ধারা সংশোধন করে নতুন যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, এমডি বা সিইও পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর ব্যাংকিং খাতে সক্রিয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে একক বা সম্মিলিতভাবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় প্রথম শ্রেণি বা সমমানের পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকলে এবং জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেডের কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকলে সেসব প্রার্থীও এমডি পদে নিয়োগের যোগ্য বিবেচিত হবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এমডি নিয়োগে অভিজ্ঞতার সমরূপতা নিশ্চিত করতেই এই সংশোধন আনা হয়েছে। আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা পূর্বের মতোই বহাল থাকবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

Posted ২:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


