
| মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 272 বার পঠিত

আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক জানায়, নোটটি প্রথমে মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
তথ্য অনুসারে, নতুন নোটের সামনের অংশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি, আর মাঝখানে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলা। পেছনে রাখা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। জলছাপে যুক্ত করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যায়। পুরো নোটেই সবুজ রঙের আধিক্য দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মতে, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে এই নোট প্রথমবারের মতো বাজারে আসছে। নতুন সিরিজে ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকার নোট মুদ্রণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট ইতোমধ্যে প্রচলনে এসেছে।
নতুন ৫০০ টাকার নোটে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো রঙ পরিবর্তনশীল কালি— নোট নাড়ালে ডান পাশের ‘৫০০’ লেখাটি সবুজ থেকে নীল হয়ে যায়। নোটে লাল ও স্বর্ণালী রঙের পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে, যা আলোয় ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যায়। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের ডান দিকের নিচে পাঁচটি উঁচু বৃত্ত যোগ করা হয়েছে। শহীদ মিনার, মূল্যমানসহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে করা, যা স্পর্শে উঁচু মনে হবে। নোটে গোপনে ‘৫০০’ লেখা রয়েছে, যা নির্দিষ্ট কোণে ধরলে দেখা যায়। এছাড়া কাগজে লাল, নীল ও সবুজ তন্তু যোগ করা হয়েছে, যা বিশেষ আলোতে স্পষ্ট দেখা যায়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালু হলেও আগের সব কাগুজে নোট ও কয়েন চলবে আগের মতোই। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোট তৈরি করা হয়েছে, যা নির্ধারিত মূল্যে মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

Posted ১০:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


