
| মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 365 বার পঠিত

দেশের পেমেন্ট সিস্টেমে স্থিতিশীলতা ও গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বিস্তারিত ও নির্ভুল প্রতিবেদন দাখিল বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৫ জানুয়ারি) জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও), ইউটিলিটি সার্ভিস প্রোভাইডারসহ বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত সব আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এ নির্দেশনার আওতায় থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, এসব প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনার জন্য তফসিলি ব্যাংকে ট্রাস্ট ও সেটেলমেন্ট অ্যাকাউন্ট পরিচালনা করে। এসব অ্যাকাউন্টের তথ্য, ই-মানি ও মার্চেন্ট দায় সংক্রান্ত সঠিক ও পূর্ণাঙ্গ উপাত্ত নিয়মিতভাবে প্রতিবেদন আকারে দাখিল নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকের অর্থের সুরক্ষা, পেমেন্ট ব্যবস্থার স্বচ্ছতা এবং সামগ্রিক জনআস্থা বজায় রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিবেদন দাখিলের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর বর্তাবে। নতুন বিধান অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোকে দৈনিক ভিত্তিতে বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে হবে। এর মধ্যে থাকবে ট্রাস্ট ও সেটেলমেন্ট অ্যাকাউন্টের দৈনিক স্থিতি, এসব অ্যাকাউন্ট থেকে করা বিনিয়োগের তথ্য, ট্রাস্ট ফান্ডস ইন ট্রানজিট এবং ই-মানি ও মার্চেন্ট দায় সংক্রান্ত বিস্তারিত উপাত্ত।
এসব তথ্য নির্ধারিত ফরম্যাট বা টেমপ্লেট ব্যবহার করে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।
নির্দেশনা অমান্য বা ভুল ও মিথ্যা তথ্য প্রদান করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪-এর ৩৭(৩) ধারা অনুযায়ী মিথ্যা তথ্য প্রদান আদালতে দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি একই আইনের ৪১ ধারার অধীনে জরিমানা আরোপের ক্ষমতাও সংরক্ষণ করেছে বাংলাদেশ ব্যাংক।
পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪-এর ১৮(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

Posted ১২:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


