
| সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 472 বার পঠিত

দেশের রপ্তানি খাতকে সহায়তা ও বৈদেশিক মুদ্রা আয়ের গতি ধরে রাখতে ৪৩ ধরনের পণ্য ও সেবা রপ্তানিতে দেওয়া নগদ সহায়তা বা প্রণোদনার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে চলতি ২০২৫–২৬ অর্থবছরের শেষ পর্যন্ত রপ্তানিকারকরা এই আর্থিক সুবিধা পাবেন।
সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।
এর আগে চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই প্রণোদনা কার্যকর ছিল। তবে আন্তর্জাতিক বাজারে রপ্তানি পরিস্থিতি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় একই শর্ত ও হার বহাল রেখে সুবিধার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পণ্য ও সেবার ধরন অনুযায়ী রপ্তানিকারকরা রপ্তানি আয়ের বিপরীতে সর্বনিম্ন শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন। মোট ৪৩টি খাত এই প্রণোদনার আওতায় রয়েছে।
সার্কুলারে আরও বলা হয়, প্রণোদনার অর্থ পেতে হলে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে অনুমোদিত বহিঃনিরীক্ষক বা অডিট ফার্ম দিয়ে রপ্তানি সংক্রান্ত হিসাব নিরীক্ষা করাতে হবে।
এদিকে, দেশীয় রপ্তানিমুখী বস্ত্র শিল্পের সহায়তায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের বিকল্প হিসেবে ১ দশমিক ৫ শতাংশ নগদ সহায়তা বহাল থাকবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান সহায়তার সঙ্গে অতিরিক্ত শূন্য দশমিক ৫০ শতাংশ বিশেষ প্রণোদনাও অব্যাহত থাকবে।

Posted ৯:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


