
| বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 521 বার পঠিত

দেশের ব্যাংকিং খাতে নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের সব মুনাফা বাতিল করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক ব্যাংকিং রীতি অনুসরণ করে এই সিদ্ধান্ত ‘হেয়ারকাট’ পদ্ধতিতে বাস্তবায়ন করা হচ্ছে, যার ফলে আমানতকারীদের হিসাবে জমা টাকার মোট স্থিতি কমে যাবে।
বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে। একীভূত হওয়া ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুনভাবে কার্যক্রম শুরু করা ব্যাংকগুলো হচ্ছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ে আমানতের ওপর কোনো মুনাফা বা লাভ গণনা করা যাবে না। এই সময়ের মধ্যে গ্রাহকদের হিসাবে যেসব মুনাফা ইতোমধ্যে যোগ হয়েছে, তা বাদ দিয়ে সব আমানত হিসাব পুনর্গণনা করতে হবে। অর্থাৎ দুই বছরের মুনাফা কেটে রেখে আমানতের চূড়ান্ত স্থিতি নির্ধারণ করা হবে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট পাঁচ ব্যাংক গত দুই বছরে বড় অঙ্কের আর্থিক লোকসানে পড়েছে। ফলে আমানতকারীদের মুনাফা প্রদানের মতো আর্থিক সক্ষমতা ব্যাংকগুলোর নেই। এসব ব্যাংকে বর্তমানে ৭ থেকে ৯ শতাংশ হারে মুনাফাভিত্তিক আমানত রয়েছে। দুই বছরের মুনাফা বাদ দেওয়ায় প্রায় ৭৫ লাখ আমানতকারীর আমানতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচটি ব্যাংকে বর্তমানে মোট আমানতের পরিমাণ প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। বিপরীতে এসব ব্যাংক ঋণ বিতরণ করেছে প্রায় ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যা আমানতের তুলনায় অনেক বেশি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো= এই ঋণের বড় একটি অংশ ইতোমধ্যে খেলাপি হয়ে গেছে, যা ব্যাংকগুলোর আর্থিক সংকটকে আরও গভীর করেছে।
এর আগে এসব ব্যাংকের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করা হয়েছিল। ফলে উদ্যোক্তা পরিচালক ও সাধারণ বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ পুরোপুরি হারান। নতুন সিদ্ধান্তের মাধ্যমে এবার আমানতকারীরাও ক্ষতির অংশীদার হলেন।
ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, রেজোল্যুশন স্কিমের আওতায় ব্যাংকগুলোর দায় কমিয়ে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংককে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিকভাবে ব্যাংক একীভূতকরণ বা পুনর্গঠনের ক্ষেত্রে আমানতের মুনাফা বা একটি অংশ হেয়ারকাট করার নজির রয়েছে, বাংলাদেশও সেই পথেই হাঁটছে।
তবে সাধারণ আমানতকারীদের জন্য এ সিদ্ধান্ত বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। দীর্ঘদিনের সঞ্চয় রাখা গ্রাহকদের আস্থা ফেরানোই এখন নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Posted ১২:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


