
| বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 523 বার পঠিত

পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ ও ২০২৫ সালে জমাকৃত আমানতের ওপর আগে মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত থাকলেও তা পরিবর্তন করে এখন বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট বুধবার সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে এই সিদ্ধান্ত জানায়। চিঠিতে বলা হয়েছে, ব্যক্তিগত বা অপ্রাতিষ্ঠানিক মেয়াদি আমানত এবং স্কিমভিত্তিক আমানতের ক্ষেত্রে ব্যাংক রেট অনুযায়ী মুনাফা দিতে হবে।
এই সিদ্ধান্ত যেসব ব্যাংকের জন্য প্রযোজ্য হবে সেগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক ।
উল্লেখ্য, এসব পাঁচটি ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে বিদ্যমান ব্যাংকগুলো ধাপে ধাপে বিলুপ্ত হবে এবং তাদের সম্পদ, দায় ও জনবল নতুন ব্যাংকের অধীনে স্থানান্তরিত হবে।
ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট জানিয়েছে, আমানতকারীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে এবং একই সঙ্গে নবগঠিত ব্যাংকের দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতা নিশ্চিত করতেই আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছিল, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আমানতের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না। অর্থাৎ ওই সময়ের জন্য আমানতকারীদের মুনাফা কার্যত বাতিল করা হয়েছিল। তবে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, এই দুই বছরে ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানতের ক্ষেত্রে বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা দিতে হবে।
নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর তারিখ ধরে সংশ্লিষ্ট সব আমানত স্থিতি পুনরায় হিসাব করতে হবে। পুনঃহিসাবায়নের ফলে যে আর্থিক প্রভাব পড়বে, তা উল্লেখ করে একটি সমন্বয় বিবরণীসহ সংশোধিত আমানত ও মুনাফার তথ্য তিন কার্যদিবসের মধ্যে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টে জমা দিতে হবে।
এছাড়া ২০২৪ ও ২০২৫ সালে যদি কোনো মাসিক বা নির্দিষ্ট সময় অন্তর মুনাফাভিত্তিক আমানতের ক্ষেত্রে ব্যাংক রেটের চেয়ে বেশি মুনাফা ইতোমধ্যে প্রদান করা হয়ে থাকে, তাহলে সেই অতিরিক্ত অর্থ ভবিষ্যতে প্রদেয় মুনাফার সঙ্গে কিস্তির মাধ্যমে সমন্বয় করতে হবে। এ ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারিত পরিশোধসূচি অনুসরণ করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানত ছাড়া অন্যান্য সব ধরনের আমানতের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকবে। অর্থাৎ এসব আমানতের জন্য মুনাফা সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানত স্থিতি ও মুনাফা পুনঃহিসাবায়ন সংক্রান্ত নির্দেশনাগুলো রেজল্যুশন স্কিম–২০২৫ এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আর্থিক কাঠামো গঠনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে।
রেজল্যুশন স্কিম অনুযায়ী, নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা সরবরাহ করেছে, যা ‘ক’ শ্রেণির শেয়ার হিসেবে গণ্য হবে।
স্কিম অনুযায়ী, পাঁচটি ব্যাংকের আমানতকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থায়ী আমানতের একটি অংশ থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা শেয়ারে রূপান্তর করা হবে, যা ‘খ’ শ্রেণির শেয়ার হিসেবে বিবেচিত হবে। একইভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকারীদের স্থায়ী আমানতের অংশ থেকে আরও সাড়ে সাত হাজার কোটি টাকা শেয়ারে রূপান্তর করা হবে, যা ‘গ’ শ্রেণির শেয়ার হিসেবে গণ্য হবে।
নবগঠিত ব্যাংকের প্রধান কার্যালয় নির্ধারণ করা হয়েছে ঢাকার মতিঝিলের সেনাকল্যাণ ভবনে। একীভূতকরণ কার্যকর হওয়ার পর পাঁচ ব্যাংকের দুই লাখ টাকা পর্যন্ত আমানত যেকোনো সময় উত্তোলন করা যাবে। দুই লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাস পরপর এক লাখ টাকা করে উত্তোলনের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একই নিয়ম প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
স্কিমে আরও বলা হয়েছে, মেয়াদি ও স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা নেওয়া যাবে। বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানত নির্ধারিত সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নবায়ন বা দীর্ঘমেয়াদে রূপান্তরিত হবে। চার বছরের বেশি মেয়াদি আমানত মেয়াদ পূর্তির পর পরিশোধযোগ্য হবে।
প্রতিদিনের অর্থনীতি/আরএস

Posted ৮:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


