
| শনিবার, ০১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 284 বার পঠিত

নন-লাইফ বীমা খাতে অনুমোদনবিহীন বীমা পরিকল্পনা চালু রাখা বা বাজারজাতের ক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটি সম্প্রতি ‘সার্কুলার নং-নন-লাইফ ১০৭/২০২৫’ জারি করে সব বীমা কোম্পানিকে এই বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংস্থাটির নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মনিরা বেগম স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, ২০১০ সালের আগে অনুমোদন ছাড়া চালু থাকা বীমা পরিকল্পনাগুলোকে ‘ভূতাপেক্ষভাবে অনুমোদিত’ হিসেবে গণ্য করা হবে। তবে ২০১০ সালের পর যেসব পরিকল্পনা আইডিআরএ’র আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে, সেগুলোর অনুমোদন এখনই নিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, নতুন কোনো বীমা পরিকল্পনা চালুর ক্ষেত্রে ২০২৩ সালের ২৭ আগস্ট প্রকাশিত সার্কুলার নং ১৫/২০২৩ অনুযায়ী পাইলটিং পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ, কোনো পরিকল্পনা বাজারে আনার আগে নির্দিষ্ট সময়ের পরীক্ষামূলক বাস্তবায়ন এবং অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না করলে সেটি বৈধ বলে গণ্য হবে না।
সার্কুলারে বলা হয়েছে, নির্দেশনা না মানলে বীমা আইন, ২০১০-এর ১৩০ ধারায় সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে এবং ১৩৪ ধারায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Posted ৩:০৮ অপরাহ্ণ | শনিবার, ০১ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


