শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খেলাপি ঋণ সংকট স্বাভাবিক হতে ৫–১০ বছর লাগবে: গভর্নর

  |   শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   639 বার পঠিত

খেলাপি ঋণ সংকট স্বাভাবিক হতে ৫–১০ বছর লাগবে: গভর্নর

ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে তৈরি হওয়া খেলাপি ঋণের সংকট দ্রুত কাটানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তার মতে, বর্তমান পরিস্থিতি এতটাই মারাত্মক যে পুরো ব্যবস্থাকে স্বাভাবিক হতে কমপক্ষে পাঁচ থেকে দশ বছর সময় লাগবে।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

গভর্নর জানান, দেশে মোট ব্যাংকঋণের এক-তৃতীয়াংশের বেশি এখন খেলাপি। এই পরিস্থিতি ছোট সমস্যা নয়, ব্যাংকগুলো বাকি ঋণের ওপর নির্ভর করেই টিকে আছে, যা পুরো আর্থিক ব্যবস্থাকে চাপে ফেলেছে। নতুন তথ্য ও নতুন শ্রেণিকরণনীতির কারণে প্রতি প্রান্তিকে খেলাপি ঋণ বাড়ছে। দুই বছর আগে ২৫ শতাংশ হিসেবে যে হার অনুমান করা হয়েছিল, সরকারি হিসাবে তা দেখানো হয়েছিল মাত্র ৮ শতাংশ। বর্তমানে প্রকৃত হার ৩৫ শতাংশ ছাড়িয়েছে।

ডলারের পরিস্থিতি নিয়ে গভর্নর বলেন, আমদানি এলসি খোলার মতো পর্যাপ্ত ডলার মজুত রয়েছে। রমজান সামনে রেখে পণ্য আমদানিতে কোনো ঝুঁকি নেই। গত বছরের তুলনায় ২০ থেকে ৫০ শতাংশ বেশি এলসি ইতোমধ্যে খোলা হয়েছে।

সম্মেলনে অন্যান্য বক্তারাও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত দেন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা চোর ধরার নীতির ওপর চলছে, যা ব্যবসায়ে আস্থার সংকট তৈরি করছে। তার মতে, আস্থা না থাকলে বিনিয়োগ এগোয় না। কর প্রশাসন এখনো জমিদারি মানসিকতাতে চলছে বলেও মন্তব্য করেন তিনি।

হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ বলেন, কঠোর মুদ্রানীতির ফলে সুদের হার বেড়েছে, বিনিয়োগ কমে যাচ্ছে। বেসরকারি খাতে মাত্র ৬ শতাংশ ঋণ প্রবৃদ্ধি শিল্পায়নকে থমকে দিয়েছে।

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, কাঁচামাল আমদানিতে শুল্ক, এআইটি ও বাড়তি কর ব্যবসাকে চাপে ফেলেছে। কোম্পানি লাভ করুক বা ক্ষতি ট্যাক্স দিতে হবে এ ধরনের ব্যবস্থা বিশ্বের কোথাও নেই।

অন্যদিকে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, ব্যাংক খাতে সুশাসন ফিরতে শুরু করেছে। এখন নিয়ম মেনে ঋণ অনুমোদন করা হয়। তার দাবি, ব্যবসায়ীরা পর্যবেক্ষণে থাকায় বিনিয়োগ কমেছে; তবে জাতীয় নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হতে পারে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৩:২৯ অপরাহ্ণ | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com