শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিইও নিয়োগ বিধিতে ফের পরিবর্তন, অভিজ্ঞতার শর্তে ছাড়

  |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   613 বার পঠিত

সিইও নিয়োগ বিধিতে ফের পরিবর্তন, অভিজ্ঞতার শর্তে ছাড়

বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ ও অপসারণে শৃঙ্খলা জোরদার করতে বিদ্যমান প্রবিধানমালায় গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অভিজ্ঞতা, যোগ্যতা ও পেশাগত মানদণ্ড আরও সুস্পষ্ট করার পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার ক্ষমতা বাড়ানো হয়েছে নতুন এই সংশোধনীতে।

বীমা আইন, ২০১০-এর ধারা ১৪৮ ও ৮০-এর ক্ষমতাবলে সরকারের অনুমোদনক্রমে জারিকৃত এস.আর.ও. নং ৪৭৪-আইন/২০২৫–এর মাধ্যমে বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা, ২০১২-এর এই অধিকতর সংশোধনী কার্যকর করা হয়েছে। গত ২২ ডিসেম্বর প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করে সরকার।

সংশোধিত প্রবিধান অনুযায়ী, কোনো বীমা কোম্পানির সিইও হিসেবে নিয়োগ পেতে সংশ্লিষ্ট ব্যক্তির বীমা খাতে ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে;

কমপক্ষে ১ বছর সিইও, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অথবা সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
অথবা ৩ বছর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।

উপব্যবস্থাপনা পরিচালকের ক্ষেত্রে প্রধান কার্যালয়ে উন্নয়ন ব্যতীত প্রশাসনিক বা অন্যান্য দায়িত্বে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের সংশোধনীতে সিইও বা তার অব্যবহিত নিম্নপদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতাসহ বীমা ব্যবসায় ১২ বছরের কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছিল।

সরকারি ও বহুজাতিক কোম্পানির জন্য বিশেষ বিবেচনায় অভিজ্ঞতার শর্ত শিথিল করার সুযোগ আগের মতোই রাখা হয়েছে।

সরকারি মালিকানাধীন (যেখানে সরকারের শেয়ার ৫০ শতাংশের বেশি) বীমা কোম্পানির ক্ষেত্রে এবং

আন্তর্জাতিকভাবে স্বীকৃত বহুজাতিক বীমা কোম্পানিতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ে ন্যূনতম ২ বছরের সরাসরি বীমা অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে আইডিআরএ এই ছাড় দিতে পারবে।

‘ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদ’-এর ব্যাখ্যায় বলা হ‌য়ে‌ছে- বহুজাতিক বীমা কোম্পানির ক্ষেত্রে কোন কোন পদকে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা হিসেবে গণ্য করা হবে, তা স্পষ্ট করেছে আইডিআরএ। এর মধ্যে রয়েছে
সিইও বা ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান ডিস্ট্রিবিউশন কর্মকর্তা, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও), প্রধান অপারেশনস কর্মকর্তা, প্রধান এজেন্সি বিক্রয় কর্মকর্তা, প্রধান ব্যবসায় ডিস্ট্রিবিউশন কর্মকর্তা।
এছাড়া প্রধান মানবসম্পদ কর্মকর্তা, প্রধান মার্কেটিং কর্মকর্তা, কোম্পানি সচিব, প্রধান বিনিয়োগ কর্মকর্তা, প্রধান ঝুঁকি কর্মকর্তা এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স প্রধান পদও এই তালিকায় অন্তর্ভুক্ত।

স্বীকৃত কিছু পেশাগত ডিগ্রি বা পদবি থাকলে প্রয়োজনে সিইও নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করা যাবে। এসব ডিগ্রির মধ্যে রয়েছে;
অ্যাকচুয়ারিয়াল ফেলো বা এসোসিয়েট (ইউকে/ইউএসএ), চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট (ইউকে), সিএলইউ (ইউএসএ), আইসিএবি, আইসিএইডব্লিউ, এসিসিএ, আইসিএমএ, সিএফএ ও সিপিএ।

সংশোধনীতে সিইও নিয়োগ নবায়নের ক্ষেত্রে কর্মসম্পাদন মূল্যায়নে ‘কাজের যোগ্যতা’র পরিবর্তে “কর্মসম্পাদনের মান ও পরিমাণ” বিবেচনার বিধান যুক্ত করা হয়েছে।

সিইও নিয়োগ ও নবায়নের আবেদন নিষ্পত্তির সময়সীমা ১৫ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না হলে পরবর্তীতে অনুমোদন পাওয়া সাপেক্ষে মেয়াদপূর্তির তারিখ থেকেই তা কার্যকর হবে।

নতুন সংশোধনীতে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং বা আর্থিক অনিয়মের কারণে পূর্বে অপসারিত কোনো ব্যক্তি সিইও পদে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য হবেন। আইডিআরএ কর্তৃক নিয়োগ বা নবায়নের আবেদন প্রত্যাখ্যাত হলেও সংশ্লিষ্ট ব্যক্তি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

কোনো বীমা কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব পালনকালে আইনের ধারা ৫০(১) বা প্রবিধান ৭ অনুযায়ী দোষী সাব্যস্ত হয়ে অপসারিত হলে, কিংবা অপসারণযোগ্য হওয়া সত্ত্বেও বীমাকারী কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে—সংশ্লিষ্ট ব্যক্তিকে অযোগ্য ঘোষণা করা হবে।

একই সঙ্গে কোনো বীমা কোম্পানির পরিচালক, উল্লেখযোগ্য শেয়ারহোল্ডার (৫ শতাংশ বা তদূর্ধ্ব), পরামর্শক বা উপদেষ্টা হলেও তিনি সিইও পদে নিয়োগের অযোগ্য হবেন।

এছাড়া প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক সরাসরি সিইও অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছে আইডিআরএকে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৫:২৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com