
| বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 428 বার পঠিত

বাংলাদেশে ব্যবসা করা যেসব লাইফ বীমা কোম্পানির মূল কার্যালয় বিদেশে অবস্থিত, তাদের খরচের নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে সরকার। এবার থেকে এসব কোম্পানি তাদের বার্ষিক আয়ের নির্ধারিত অংশের বেশি টাকা প্রধান কার্যালয়ের ব্যয় হিসেবে দেখাতে পারবে না।
এ উদ্দেশ্যে ‘লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা, ২০২০’-এ নতুন বিধি ৪ সংযোজন করে নিয়মটি চালু করা হয়েছে। সংশোধিত বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয় ১৩ জানুয়ারি।
নতুন বিধি অনুযায়ী, কোনো কোম্পানির মূল ব্যবসাস্থল যদি দেশের বাইরে থাকে, তাহলে তার প্রধান কার্যালয়ের ব্যয় সংশ্লিষ্ট বছরে লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা থেকে অর্জিত নিট প্রিমিয়াম আয়ের সর্বোচ্চ ৩ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
গেজেটে বলা হয়েছে, এই ব্যয় বিদ্যমান বিধি ৩ অনুযায়ী নির্ধারিত সামগ্রিক ব্যবস্থাপনা ব্যয়ের অংশ হিসেবেই গণ্য হবে। অর্থাৎ কোনোভাবেই এটি অতিরিক্ত ব্যয় হিসেবে দেখানো যাবে না।
এ ছাড়া, প্রধান কার্যালয়ের ব্যয়ের জন্য কোনো অর্থ দেশের বাইরে পাঠানোর আগে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
এর আগে ২০২০ সালে বিধিমালা প্রণয়ন করা হলেও বিদেশে অবস্থিত প্রধান কার্যালয়ের জন্য কত অর্থ পাঠানো যাবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা ছিল না। বীমা আইন, ২০১০-এ প্রধান কার্যালয়ের ব্যয়ের কথা উল্লেখ থাকলেও কোনো নির্দিষ্ট পরিমাণ বা শতকরা হার উল্লেখ করা হয়নি।
নতুন এই বিধান কার্যকর হওয়ায় লাইফ বীমা খাতে ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ।

Posted ১২:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


