শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বীমা কোম্পানির উপদেষ্টা পদে অবসরপ্রাপ্ত আমলাদের সুযোগ, নিয়োগে মানতে হবে কঠোর বিধিমালা

  |   সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   473 বার পঠিত

বীমা কোম্পানির উপদেষ্টা পদে অবসরপ্রাপ্ত আমলাদের সুযোগ, নিয়োগে মানতে হবে কঠোর বিধিমালা

দেশের বীমা শিল্পে স্বচ্ছতা আনতে এবং পেশাদারিত্ব বাড়াতে উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়ায় আমূল পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এখন থেকে সাবেক সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিশেষায়িত পেশাদারদের উপদেষ্টা হিসেবে নিয়োগের পথ প্রশস্ত হলেও মানতে হবে কঠোর শর্ত।

সম্প্রতি সংস্থাটির চেয়ারম্যান ড. এম আসলাম আলমের স্বাক্ষরে ‘বীমাকারীর উপদেষ্টা নিয়োগ (যোগ্যতা ও অভিজ্ঞতা) প্রবিধানমালা, ২০২৬’ শীর্ষক একটি গেজেট প্রকাশিত হয়েছে। এতে উপদেষ্টাদের যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবেক আমলা ও অধ্যাপকদের সুযোগ
নতুন বিধিমালা অনুযায়ী, সরকারের অন্তত উপসচিব পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এখন থেকে বীমা কোম্পানির উপদেষ্টা হতে পারবেন। তবে শর্ত থাকে যে, তাদের বীমা খাত সংশ্লিষ্ট নীতি নির্ধারণী পর্যায়ে বা আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ব্যাংকিং, ইনস্যুরেন্স বা রিস্ক ম্যানেজমেন্টের অভিজ্ঞ অধ্যাপকরাও ১২ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এই পদে আসতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও পেশাদারিত্বের মাপকাঠি
উপদেষ্টা হতে চাইলে কোনো ব্যক্তিকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে বীমা কোম্পানির উচ্চপদস্থ ব্যবস্থাপনায় অন্তত ৬ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া একচুয়ারি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ), চার্টার্ড সেক্রেটারি (সিএস), এবং দেশি-বিদেশি বিভিন্ন স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানের সনদধারীরাও (যেমন- এসিসিএ, সিএফএ, সিপিএ) অভিজ্ঞতার ভিত্তিতে এই পদের জন্য যোগ্য বিবেচিত হবেন। যারা কোনো বীমা কোম্পানিতে অন্তত তিন বছর সিইও হিসেবে কাজ করেছেন, তাদের জন্যও এই পদের দরজা খোলা থাকছে।

নিয়োগের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা
যত্রতত্র নিয়োগ বন্ধে বেশ কিছু প্রতিবন্ধকতা আরোপ করেছে আইডিআরএ। বীমা কোম্পানির উদ্যোক্তা, পরিচালক বা সিইও-র নিকটাত্মীয়রা কোনোভাবেই উপদেষ্টা হতে পারবেন না। এছাড়া আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত, ঋণখেলাপি, দেউলিয়া বা নৈতিক স্খলনের কারণে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তিরা এই পদের জন্য অযোগ্য বলে গণ্য হবেন। বিদেশি নাগরিক বা দ্বৈত নাগরিকত্বের অধিকারীদের ক্ষেত্রেও এই পদে বসার সুযোগ রাখা হয়নি।

নিয়োগ পদ্ধতি ও সময়সীমা
উপদেষ্টা নিয়োগের জন্য কোম্পানিগুলোকে আইডিআরএ-র কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত ও অভিজ্ঞতার সনদসহ অন্তত আটটি প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। চুক্তিভিত্তিক এই পদের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর। তবে দক্ষতা ও বয়স বিবেচনায় (সর্বোচ্চ ৭৬ বছর পর্যন্ত) পুনঃনিয়োগ পাওয়া সম্ভব। পুনঃনিয়োগের ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার দেড় মাস আগেই আবেদন করতে হবে।

বেতন ও মর্যাদার সীমা
আইডিআরএ স্পষ্ট করে দিয়েছে যে, উপদেষ্টার পদটি কোম্পানির স্থায়ী কোনো পদ নয়। পর্ষদ তাদের বেতন নির্ধারণ করবে ঠিকই, তবে তা কোনো অবস্থাতেই ওই কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) মাসিক পারিশ্রমিকের চেয়ে বেশি হতে পারবে না।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রবিধানমালার মাধ্যমে বীমা খাতে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে উপদেষ্টা নিয়োগের পুরনো সংস্কৃতি বন্ধ হবে। দক্ষ ও মেধাবীদের অন্তর্ভুক্তির মাধ্যমে গ্রাহকদের আস্থার প্রতিফলন ঘটবে এই শিল্পে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com