
| মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 749 বার পঠিত

পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিদ্যমান ‘পাবলিক ইস্যু রুলস ২০১৫’ রহিত করে কমিশন অনুমোদন দিয়েছে নতুন ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিস রুলস ২০২৫’-এর খসড়াকে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত কমিশনের ৯৭৭তম সভায় নতুন নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির মুখপাত্র ও পরিচালক মো. আবুল কালাম জানান, নতুন রুলসটি জনমত যাচাইয়ের জন্য শিগগিরই কমিশনের ওয়েবসাইট ও জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে। জনমত গ্রহণের পর এবং স্টক এক্সচেঞ্জের সুপারিশের ভিত্তিতে বিএসইসি আইপিওর চূড়ান্ত অনুমোদন দেবে।
তিনি আরও জানান, নতুন নীতিমালায় আইপিও অনুমোদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দায়বদ্ধতাপূর্ণ করা হয়েছে। এতে ইস্যুয়ার কোম্পানির করপোরেট গভর্নেন্স, নিরীক্ষক এবং ইস্যু ম্যানেজারদের ভূমিকা ও দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে বলে আশা করছে কমিশন।
নতুন নীতিমালায় আইপিও ভ্যালুয়েশন ও প্রাইসিং প্রক্রিয়ার মান উন্নয়ন করা হয়েছে, যা বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং ন্যায্য প্রাইসিং নিশ্চিত করবে। বিএসইসির প্রত্যাশা, এই উদ্যোগের ফলে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আরও উৎসাহী হবে, যা সামগ্রিকভাবে বাজারে আস্থা ফিরিয়ে আনবে এবং বিনিয়োগের পরিবেশকে আরও শক্তিশালী করবে।

Posted ৮:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


