
| সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 795 বার পঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ১ টাকার নিচে নেমে যাওয়া শেয়ারের লেনদেনে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। নতুন নিয়মে শেয়ারের সর্বনিম্ন মূল্য পরিবর্তনের ধাপ বা ‘টিক সাইজ’ এক পয়সা নির্ধারণ করা হয়েছে। এই নিয়ম আগামী ২৯ অক্টোবর থেকে কার্যকর হবে।
বর্তমানে সব ধরনের ইক্যুইটি সিকিউরিটিজের টিক সাইজ ১০ পয়সা নির্ধারিত রয়েছে। এর ফলে সাম্প্রতিকভাবে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল) এবং ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারের দাম ৯০ পয়সায় নেমে যাওয়ার পর দাম বৃদ্ধি বা হ্রাসের সুযোগ বন্ধ হয়ে গিয়েছিল। কারণ ১০ পয়সার টিক সাইজে শেয়ার ৯০ পয়সা থেকে সরাসরি ৯ পয়সা কমানো বা বাড়ানো সম্ভব ছিল না।
ডিএসই জানায়, নতুন নিয়মে ১ টাকার নিচের শেয়ার বিনিয়োগকারীরা সূক্ষ্ম ধাপে অর্ডার দিতে পারবেন—যেমন ৮৯, ৮৮, ৮৭ পয়সা ইত্যাদি। এতে শেয়ারদরে সূক্ষ্ম পরিবর্তনের সুযোগ তৈরি হবে, বাজারে তরলতা বৃদ্ধি পাবে এবং লেনদেন ব্যয়ও কমবে।
ডিএসই কর্মকর্তারা বলেন, নতুন ব্যবস্থার ফলে মূল্য নির্ধারণ আরও বাজারবান্ধব হবে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে বাজার কাঠামোও সামঞ্জস্যপূর্ণ হবে।
এর আগে ডিএসই সোমবার নিজস্ব ওয়েবসাইটে নতুন নিয়মের কথা জানিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিক্বিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) বিষয়টি রোববার চিঠির মাধ্যমে জানানো হয়েছিল।

Posted ৪:০৩ অপরাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


