
| বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 698 বার পঠিত

পুঁজিবাজারে আর নতুন করে কোনো মেয়াদি মিউচুয়াল ফান্ডের অনুমোদন দেওয়া হবে না। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন বিধিমালায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ শিরোনামে গেজেটটি প্রকাশিত হয়। পরদিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় বিএসইসি। গেজেট প্রকাশের মধ্য দিয়েই নতুন বিধিমালাটি কার্যকর হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী, ভবিষ্যতে আর কোনো নতুন মেয়াদি মিউচুয়াল ফান্ড স্কিম অনুমোদন পাবে না। কেবল বেমেয়াদি (ওপেন-এন্ড) ফান্ডের অনুমোদন দেওয়া হবে। তবে বর্তমানে বিদ্যমান মেয়াদি স্কিমগুলোর জন্য রাখা হয়েছে বিশেষ বিধান।
বিধিমালায় বলা হয়েছে, গেজেট প্রকাশের ছয় মাসের মধ্যে যদি কোনো মেয়াদি স্কিমের ইউনিট প্রতি গড় লেনদেন মূল্য স্কিমটির ক্রয়মূল্য বা ঘোষিত নিট সম্পদমূল্যের তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায়, তাহলে ইউনিটহোল্ডারদের স্বার্থে ফান্ডটির ট্রাস্টি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করতে পারবে।
ইজিএমে উপস্থিত ভোটদাতা ইউনিটহোল্ডারদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠ ভোট এবং বিএসইসির অনুমোদন সাপেক্ষে স্কিমটিকে বেমেয়াদি ফান্ডে রূপান্তর বা অবসায়নের সিদ্ধান্ত নেওয়া যাবে। এ ক্ষেত্রে ছয় মাস পূর্তির ৩০ দিনের মধ্যে রেকর্ড ডেট ঘোষণা করতে হবে এবং রেকর্ড ডেটের ২১ দিনের মধ্যে ইজিএম সম্পন্ন করতে হবে।
নতুন বিধিমালা অনুযায়ী, মিউচুয়াল ফান্ড বা এর স্কিমের অর্থ শুধু স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে। পাশাপাশি আইপিও, আরপিও, রাইট শেয়ার ও সরকারি সিকিউরিটিজেও বিনিয়োগের সুযোগ থাকবে।
তবে মূল বোর্ড থেকে তালিকাচ্যুত সিকিউরিটিজ, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) বা এসএমই প্ল্যাটফর্মের সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না। বিনিয়োগের পর কোনো সিকিউরিটিজ যদি তালিকাচ্যুত হয় বা অন্য বোর্ডে স্থানান্তরিত হয়, তাহলে ছয় মাসের মধ্যে ওই বিনিয়োগ প্রত্যাহার করতে হবে।
এছাড়া, ফান্ডের অর্থ ‘এ’ ক্যাটাগরির নিচের ক্রেডিট রেটিংসম্পন্ন কোনো বন্ড, ডেট সিকিউরিটিজ বা ইসলামী শরিয়াহভিত্তিক সিকিউরিটিজে বিনিয়োগ নিষিদ্ধ করা হয়েছে।

Posted ১২:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


