শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইপিও রুলস ও সরাসরি তালিকাভুক্তি নিয়ে রাষ্ট্রীয়-বহুজাতিক কোম্পানির সাথে বিএসইসির বৈঠক

  |   মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   621 বার পঠিত

আইপিও রুলস ও সরাসরি তালিকাভুক্তি নিয়ে রাষ্ট্রীয়-বহুজাতিক কোম্পানির সাথে বিএসইসির বৈঠক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী কোম্পানিগুলোর ন্যায্য প্রাইসিং ও সঠিক ভ্যালুয়েশন নিশ্চিত করতে নতুন আইপিও রুলস প্রণয়ন করেছে। এর মাধ্যমে আইপিও সম্পর্কিত বিধিমালা আরও আধুনিক ও শক্তিশালী হবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব তথ্য তুলে ধরেন। বৈঠকে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’-এর খসড়া এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানিগুলোর সরাসরি তালিকাভুক্তি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বৈঠকের বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে তথ্য জানা যায়।

বৈঠকে খসড়া রুলসের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। এতে বলা হয়, নতুন নিয়ম কার্যকর হলে কোম্পানিগুলোর প্রকৃত আর্থিক অবস্থান, ব্যবসায়িক সম্ভাবনা, তথ্য প্রকাশের স্বচ্ছতা এবং বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় আরও শক্ত কাঠামো তৈরি হবে। এর ফলে আইপিওতে ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব হবে এবং বাজারে আস্থা আরও বৃদ্ধি পাবে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠান ও দেশের বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে প্রধান উপদেষ্টার নির্দেশনা রয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। এখন দ্রুত বাস্তবায়নে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, শেয়ারবাজারকে স্থিতিশীল ও শক্তিশালী করতে এসব প্রতিষ্ঠানের তালিকাভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা সরাসরি তালিকাভুক্তির নানা দিক, চ্যালেঞ্জ, কর কাঠামো, স্বচ্ছতা ও প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে মতামত দেন।

বৈঠকে বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিনসহ কমিশনের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), নোভারটিস বাংলাদেশ, সিনোভিয়া ফার্মা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, সিলেট গ্যাস ফিল্ডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com