
| বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 816 বার পঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার নিয়োগ অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে ডিএসইর ইতিহাসে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
ডিএসই সূত্রে জানা গেছে, আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে নুজহাত আনোয়ারের দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এই নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের শাখা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-তে কর্মরত ছিলেন।
আইএফসিতে দায়িত্ব পালনকালে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক সিনিয়র নেতৃত্বের ভূমিকা পালন করেন। তার উল্লেখযোগ্য দায়িত্বগুলোর মধ্যে রয়েছে লাইবেরিয়া ও সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধি, বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারি ও পরবর্তী সংকটকালীন সময়ে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজার হিসেবে কাজ করা।
এছাড়া তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসি কান্ট্রি অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ সময় গ্যাবোরোনে আইএফসির উপস্থিতি প্রতিষ্ঠা এবং বতসোয়ানায় আইএফসির প্রথম বিনিয়োগসহ একটি টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
নুজহাত আনোয়ার মূলধন ব্যবস্থাপনা, ট্রেজারি ও তরলতা, লেনদেন পরিষেবা, পোর্টফোলিও অপ্টিমাইজেশন এবং বাজার অ্যাডভোকেসিতে বিশেষ দক্ষতার জন্য পরিচিত। কর্মজীবনের শুরুতে তিনি সিটিব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে প্রায় ১৬ বছর বিভিন্ন উচ্চপদস্থ ব্যবস্থাপনা দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য (অর্থ) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

Posted ৭:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


