
| রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 944 বার পঠিত

দীর্ঘদিনের ব্যবসায়িক স্থবিরতা কাটিয়ে আবারও উৎপাদন কার্যক্রম শুরুর পথে হাঁটছে রহিমা ফুড করপোরেশন লিমিটেড। কয়েক মাস ধরে কারখানা বন্ধ থাকায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়লেও, চুক্তিভিত্তিক উৎপাদনের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।এ লক্ষ্যে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিটি এডিবল অয়েল লিমিটেডের সঙ্গে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা চুক্তি অনুমোদন দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, গত ১৮ ডিসেম্বর এই চুক্তির অনুমোদন দেওয়া হয়। চুক্তির আওতায় রহিমা ফুড তাদের বিদ্যমান কারখানার বোতলজাতকরণ সক্ষমতা ব্যবহার করে সিটি এডিবল অয়েলের বিভিন্ন পণ্য উৎপাদন করবে। নতুন কোনো বড় মূলধনী বিনিয়োগ ছাড়াই অব্যবহৃত সক্ষমতা কাজে লাগিয়ে আয়ের ধারায় ফেরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে অবস্থিত রহিমা ফুডের কারখানাটি চলতি বছরের মাঝামাঝি সময়ে কার্যত অচল হয়ে পড়ে। জুলাই মাসে নারিকেল তেল প্ল্যান্ট এবং আগস্টে কাজু বাদাম প্রক্রিয়াকরণ ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় কোম্পানির সব কার্যক্রম স্থবির হয়ে যায়। এর নেতিবাচক প্রভাব পড়ে আর্থিক প্রতিবেদনে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির বিপুল লোকসান গুণতে হয়।
নতুন এই চুক্তির মাধ্যমে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হলে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

Posted ২:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


