
| সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 612 বার পঠিত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বৃহত্তর ঢাকা এরিয়ার গ্রাহকদের মাঝে মোট ৩ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। ২০ ডিসেম্বর আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আয়োজিত বর্ষ সমাপনী পরিকল্পনা সভায় আনুষ্ঠানিকভাবে এই দাবি পরিশোধ করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাশেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, এসইভিপি মো. এনামুল হক, এসভিপি মনির আহমদ এবং তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে বৃহত্তর ঢাকা এরিয়ার বিভিন্ন স্তরের প্রায় ৫ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, “দেশের অর্থনীতিতে বীমা খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বীমা থেকে সঞ্চিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে বিনিয়োগ হয়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।”
তিনি আরও বলেন, “আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল লাইফ এককভাবে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।”
সভাপতির বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, “ন্যাশনাল লাইফ গ্রাহকের দাবি পরিশোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমরা নিয়মিতভাবে প্রতি মাসে ১০০ কোটি টাকারও বেশি বীমা দাবি পরিশোধ করছি। এর ধারাবাহিকতায় ২০২৫ সালে আমাদের মোট দাবি পরিশোধের পরিমাণ ১৫০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।”
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। -বিজ্ঞপ্তি

Posted ১০:৩৪ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


