
| বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 1015 বার পঠিত

পুঁজিবাজারে ভালো ও মানসম্মত নতুন কোম্পানি আসার সুযোগ ও সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
তিনি বলেন, বিএসইসি ও পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের ফলস্বরূপ সম্প্রতি আইপিও রুলস গেজেটে প্রকাশিত হয়ে কার্যকর হয়েছে। আইপিও বিধিমালা যুগোপযোগী হওয়ায় এখন পুঁজিবাজারে ভালো নতুন কোম্পানি নিয়ে আসার সুযোগ ও সম্ভাবনা আগের যেকোনো সময়ের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বিএমবিএ’র অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট। বিএমবিএ’র সদস্য ইস্যু ম্যানেজারদের উচিত ভালো ও সক্ষম কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া। এ ক্ষেত্রে বিএসইসি বরাবরই ইতিবাচক মনোভাব পোষণ করে এবং পুঁজিবাজারে মানসম্মত কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
তিনি আরও বলেন, পুঁজিবাজারে ক্যাপিটাল ফরমেশন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং কর্পোরেট অ্যাডভাইজরিসহ বিভিন্ন ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। মার্চেন্ট ব্যাংকগুলোর দক্ষতা, পেশাদারিত্ব ও নৈতিকতার উন্নয়ন হলে বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্ট সকলের আস্থা বাড়বে এবং পুঁজিবাজার আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
অনুষ্ঠানে বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ বলেন, প্রতিটি মার্চেন্ট ব্যাংক এবং মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠনের তথ্যসমৃদ্ধ ওয়েবপেজ ও ওয়েবপোর্টাল থাকা জরুরি। প্রকৃত ও হালনাগাদ তথ্যসম্বলিত এসব প্ল্যাটফর্ম বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
বিএসইসি ও বিএমবিএ’র এ বৈঠকে পুঁজিবাজারের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিএমবিএ’র নবনির্বাচিত নির্বাহী কমিটিকে বিএসইসির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং পুঁজিবাজারের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় বিএসইসির কমিশনার মুহা. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও মো. সাইফুদ্দিন, নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএমবিএ’র পক্ষে সভায় অংশ নেন সভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক সুমিত পোদ্দার, সহ-সভাপতি মো. মনিরুল হক, কোষাধ্যক্ষ সৈয়দ রাশেদ হুসাইন এবং সদস্য গাজী মোহাম্মদ তারেক, সুমন কুমার কুন্ডু ও মো. সোহেল হক।

Posted ৬:২৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


