
| বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 277 বার পঠিত

লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার থাকা বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে কয়েকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে শেয়ারবাজারে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বহুজাতিক কোম্পানিগুলোর তালিকাভুক্তির বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানির নিজ নিজ বোর্ডসভায় চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
এ লক্ষ্যে বুধবার (৭ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে তালিকাভুক্তির জন্য প্রস্তাবিত ১০টি সম্ভাব্য কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্য উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়), আইসিবি চেয়ারম্যান এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
তালিকাভুক্তির প্রস্তাব পাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, সিনোভিয়া বাংলাদেশ লিমিটেড, নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড এবং নেসলে বাংলাদেশ পিএলসি।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শেয়ারবাজার এখন একটি শক্ত আইনগত কাঠামোর মধ্যে এসেছে। বাজারের গভীরতা বাড়ানো এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করাই সরকারের মূল লক্ষ্য। সে কারণেই ভালো মৌলভিত্তি সম্পন্ন রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বহুজাতিক কোম্পানিগুলোর বিষয়ে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে সরকারের অংশীদারিত্ব থাকলেও এখনো সেগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়। তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করা হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কোম্পানির বোর্ডসভায় নিতে হবে। সরকার এ ক্ষেত্রে নীতিগত সম্মতি দিয়েছে।
আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ বলেন, জনস্বার্থে সরকার এ উদ্যোগ নিয়েছে। নেসলে ও ইউনিলিভারের মতো বহুজাতিক কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশে তালিকাভুক্ত থাকলে বাংলাদেশে তালিকাভুক্ত হতে কোনো সমস্যা থাকার কথা নয়। প্রয়োজনে এসব কোম্পানিকে প্রণোদনা দেওয়া যেতে পারে, অন্যথায় করনীতিতে কঠোর হওয়ার বিষয়টিও বিবেচনায় আসতে পারে।
তিনি আরও বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ডিরেক্ট লিস্টিংয়ে অযথা দেরির কোনো কারণ নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইতোমধ্যে নীতিগত সম্মতি দিয়েছে এবং দ্রুতই এ উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশা করা হচ্ছে।

Posted ১১:১২ অপরাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


