
| বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 423 বার পঠিত

পরিবেশবান্ধব ও সামাজিক উন্নয়নকেন্দ্রিক বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে বাংলাদেশের পুঁজিবাজারে থিম্যাটিক বন্ড বাজারকে আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। টেকসই অর্থায়নের একটি সমন্বিত কাঠামো গড়ে তুলতে বুধবার দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে আয়োজিত ‘সাসটেইনেবল ফাইন্যান্স কোলাবোরেশন’ অনুষ্ঠানে সমঝোতা স্মারকে সই করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
এই অংশীদারিত্বের আওতায় ইউএনডিপি বাংলাদেশ টেকসই অর্থায়ন ও বিনিয়োগ ট্যাক্সোনোমি প্রবর্তনে সহায়তা দেবে। পাশাপাশি থিম্যাটিক বন্ড ইস্যুকারীদের ইস্যুর আগে ও পরে কারিগরি সহযোগিতা, কমিশন ও সংশ্লিষ্ট অংশীজনদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এবং উদীয়মান অর্থনীতির দেশগুলোর অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগ বাস্তবায়ন করবে সংস্থাটি।
এ ছাড়া থিম্যাটিক বন্ড থেকে সংগৃহীত অর্থের সঠিক ও উদ্দেশ্যভিত্তিক ব্যবহার নিশ্চিত করতে প্রকল্প পর্যবেক্ষণ, বন্ড রিপোর্টিং সক্ষমতা জোরদার, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রভাব পরিমাপ ও ব্যবস্থাপনা কাঠামো চালু এবং তৃতীয় পক্ষীয় সত্যায়ন ব্যবস্থার উন্নয়নেও সহায়তা দেবে ইউএনডিপি।
এই সহযোগিতার মাধ্যমে গ্রিন, সোশ্যাল, ক্লাইমেট, এসডিজি এবং অন্যান্য টেকসই থিম্যাটিক বন্ড ইস্যুর পরিসর বাড়বে বলে আশা করা হচ্ছে। দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্য অর্জনে এসব বন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
থিম্যাটিক বন্ড এমন একটি ঋণপত্র, যার মাধ্যমে সংগ্রহ করা অর্থ নির্দিষ্ট কোনো থিম বা খাতে ব্যয় করার বাধ্যবাধকতা থাকে। সাধারণ বন্ডের ক্ষেত্রে অর্থ ব্যবহারে এই সীমাবদ্ধতা না থাকলেও থিম্যাটিক বন্ডে নির্ধারিত উদ্দেশ্য অনুযায়ী বিনিয়োগ নিশ্চিত করতে হয়।
থিম্যাটিক বন্ডের উল্লেখযোগ্য ধরনগুলোর মধ্যে রয়েছে—পরিবেশবান্ধব প্রকল্প যেমন সৌরবিদ্যুৎ ও বর্জ্য ব্যবস্থাপনায় অর্থায়নের জন্য গ্রিন বন্ড; স্বাস্থ্যসেবা ও সাশ্রয়ী আবাসনের মতো সামাজিক উন্নয়নমূলক খাতে বিনিয়োগের জন্য সোশ্যাল বন্ড; গ্রিন ও সোশ্যাল উভয় প্রকল্পে অর্থায়নের জন্য সাসটেইনেবিলিটি বন্ড; জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৃহৎ প্রকল্পের জন্য ক্লাইমেট বন্ড এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এসডিজি বন্ড।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি পুঁজিবাজারের ধারাবাহিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। সুশাসন নিশ্চিতকরণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় করার মাধ্যমে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য বাজার কাঠামো গড়ে তোলাই তাদের লক্ষ্য। তিনি আরও জানান, ইউএনডিপিসহ অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি সহায়ক ও পূর্বানুমেয় নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করা হবে। দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারের ভূমিকা জোরদার করা, বন্ড মার্কেটের বিকাশ এবং থিম্যাটিক বন্ড সম্প্রসারণেও গুরুত্ব দেন তিনি।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, থিম্যাটিক বন্ডের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে পরিবেশগত ও সামাজিক খাতে দীর্ঘমেয়াদি পুঁজি সংগ্রহের বড় সুযোগ রয়েছে। এলডিসি থেকে উত্তরণ, মধ্যম আয়ের ফাঁদ এড়ানো এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিনিয়োগ বাড়ানো জরুরি—এক্ষেত্রে থিম্যাটিক বন্ড দেশীয় ও আন্তর্জাতিক উভয় উৎসের পুঁজি আকর্ষণে অনুঘটকের ভূমিকা রাখতে পারে। তিনি জানান, বিএসইসির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের থিম্যাটিক বন্ড বাজারের জন্য একটি শক্তিশালী সহায়ক পরিবেশ গড়ে তুলতে ইউএনডিপি প্রতিশ্রুতিবদ্ধ।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট ড. মালিহা মুজাম্মিল, কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে এবং বিএসইসির কমিশনার মো. আলী আকবর ও ফারজানা লালারুখসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Posted ৮:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


