
| রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 790 বার পঠিত

পুঁজিবাজারে টানা ধস ও নীতিনির্ধারণী অনিশ্চয়তার প্রতিবাদে আবারও রাস্তায় নেমেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দ্রুত অপসারণসহ ৮ দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নিয়ন্ত্রক সংস্থার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন বিনিয়োগকারীদের ১০টি সংগঠনের সম্মিলিত এই জোট।
রোববার দুপুরের কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার ও বিএসইসি টিম দায়িত্ব নেওয়ার পর থেকেই পুঁজিবাজারে অস্থিতিশীলতা বাড়ছে। তারা বলেন, ধারাবাহিক পতনের দায় নিয়ে অর্থ উপদেষ্টা ও বিএসইসির চেয়ারম্যানকে অপসারণ ছাড়া বাজারের স্থিতিশীলতা ফেরানো সম্ভব নয়। এ সময় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
পুঁজিবাজারের বিভিন্ন সংগঠনকে সমন্বয় করে নতুন জোট গঠনের ঘোষণা দেওয়া হয় বিক্ষোভ মঞ্চ থেকেই। জোটে অন্তর্ভুক্ত সংগঠনগুলো হলো—বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ, পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশনসহ মোট ১০টি গ্রুপ।
জোটের সিনিয়র সমন্বয়ক এসএম ইকবাল হোসেন বিক্ষোভ থেকে ৮ দফা দাবি ঘোষণা করেন। দাবি সমূহের মধ্যে রয়েছে—
• বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দ্রুত অপসারণ
• মার্জিন ঋণ বিধিমালা ২০২৫-এর গেজেট বাতিল
• মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা ২০২৫-এর গেজেট বাতিল
• একীভূত পাঁচ ব্যাংকের শেয়ারমূল্য দ্রুত পুনঃনির্ধারণ করে বিনিয়োগকারীদের ফেরত নিশ্চিত করা
• বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থতার দায়ে বিএসইসির পুরো কমিশনের পদত্যাগ
• বিএসইসির ভিতরে দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে অপসারণ
• শেয়ার মার্কেট লুটকারী ও মিউচ্যুয়াল ফান্ড লুণ্ঠনকারীদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনা
• বাজারের অস্থিতিশীলতা না কাটা পর্যন্ত শেয়ারবাজারের লেনদেন স্থগিত রাখা
বিনিয়োগকারীদের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে পুঁজিবাজার আরও বড় সংকটে পড়বে, আর তাই তারা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Posted ৫:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


