
| বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 670 বার পঠিত

পুঁজিবাজারের মধ্যস্থতাকারী আরও সাতটি প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি ব্রোকারেজ হাউজ এবং একটি মার্চেন্ট ব্যাংক রয়েছে।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৮৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
যেসব প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে, সেগুলো হলো- শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেড, মিকা সিকিউরিটিজ লিমিটেড, ইমিনেন্ট সিকিউরিটিজ লিমিটেড, মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বিডিবিএল সিকিউরিটিজ লিমিটেড এবং এসআইএম ক্যাপিটাল লিমিটেড।
এর আগে গত ১৩ নভেম্বর এসব প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন। ওই নির্দেশনা পরিপালন সাপেক্ষে বর্ধিত সময়কালে স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের নিট সম্পদের ঘাটতি সংক্রান্ত বিধানে সাময়িক শিথিলতা থাকবে।
কমিশন সভায় আরও সিদ্ধান্ত হয়, যেসব স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার এখনো বোর্ড অনুমোদিত অ্যাকশন প্ল্যান কমিশনে জমা দেয়নি, তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অ্যাকশন প্ল্যান জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ প্রভিশন সংরক্ষণ করতে হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত ৯৮৪তম কমিশন সভায় ২৮টি প্রতিষ্ঠানকে, ২৫ নভেম্বর অনুষ্ঠিত ৯৮৫তম সভায় আরও ৮টি প্রতিষ্ঠানকে এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত ৯৮৬তম সভায় আরও ১১টি প্রতিষ্ঠানকে একই শর্তে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিএসইসি।

Posted ২:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


