
| মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 475 বার পঠিত

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ঢাকার নীলক্ষেতস্থ আইসিএমএ ভবনের সপ্তম তলায় “আইসিএমএবি স্টার্টআপ ইনকিউবেশন সেন্টার (আইএসআইসি)” উদ্বোধন করেছে।
এই কেন্দ্রের উদ্দেশ্য হলো উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে একটি গতিশীল ইকোসিস্টেম গড়ে তোলা, যাতে সদস্যদের মধ্যে সৃজনশীলতা, গবেষণা ও উদ্যোগী মানসিকতার বিকাশ ঘটে।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হিসাববিজ্ঞান ও অর্থনীতি খাতে টেকনোলজি-নির্ভর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক স্টার্টআপগুলোকে জাতীয় পর্যায়ে সহায়তা দিতেই এই কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় উন্নয়ন ও সিএমএ পেশার আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করাই আইসিএমএবি’র লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমি (আইডিইএ) প্রকল্পের পরিচালক মর্তুজা জুলকার নাঈন নোমান।
উদ্বোধনী বক্তৃতায় আইসিটি সচিব উদ্যোগটির প্রশংসা করে বলেন, উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশই দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুনভাবে চিন্তা ও উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে যেতে হবে। আইএসআইসি ইনকিউবেশন সেন্টার উদ্যোক্তা বিকাশ ও টেকসই উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে, যা স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করবে।
উদ্বোধনের পর আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইসিএমএবি সদস্য, শিক্ষার্থী ও আইসিটি বিভাগের সিনিয়র কনসালটেন্ট সিদ্ধার্থ ঘোষাল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইসিএমএবি’র কাউন্সিল সদস্য ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম, ভাইস-প্রেসিডেন্ট মো. কাউসার আলম এবং কাউন্সিল সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

Posted ৬:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


