
| রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 383 বার পঠিত

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সভাপতি থেকে পরিচালক পর্যন্ত সব পদে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন সংগঠনের সদস্যরা।
শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনের সব পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে রিহ্যাব নির্বাচন বোর্ড। বোর্ডের তথ্যানুযায়ী, এবার সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ও পরিচালকসহ সব পদেই প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হবে। নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতিও ইতোমধ্যে শুরু হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রিহ্যাবের সংশ্লিষ্ট এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
এবার পরিচালনা পর্ষদের মোট ২৯টি পদে সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিচ্ছে আবাসন ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ ও হৃদয়ে বাংলাদেশ নামের তিনটি প্যানেল। এর মধ্যে আবাসন ঐক্য পরিষদ পূর্ণ প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। গত নির্বাচনে এই প্যানেল ২৯টি পদের মধ্যে ২৫টিতেই জয়ী হয়েছিল। অন্য দুই প্যানেলে বেশ কয়েকটি পদে প্রার্থী নেই।
সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, নবোদ্যোগের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের সেলিম এবং গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান আলী আফজাল।
সিনিয়র সহসভাপতি পদে লড়ছেন বর্তমান প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভুঁইয়া ও সহসভাপতি আব্দুর রাজ্জাক।
চারটি সহসভাপতি পদের বিপরীতে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি সহসভাপতি (অর্থ) পদেও একাধিক প্রার্থী রয়েছেন।
পরিচালনা পর্ষদে মোট ২২ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে ঢাকা থেকে ২০ জন পরিচালক পদের জন্য ৩৯ জন প্রার্থী এবং চট্টগ্রাম থেকে দুটি পরিচালক পদের বিপরীতে তিনজন প্রার্থী ভোটে লড়বেন।
এবারের নির্বাচনে ঢাকায় ভোটার সংখ্যা ৪৬১ জন এবং চট্টগ্রামে ৫৮ জন।
সব পদে সরাসরি ভোটের কারণে এবারের রিহ্যাব নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে বাড়তি আগ্রহ ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে।

Posted ২:১০ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


