
| শনিবার, ১১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 183 বার পঠিত

বিশ্ব খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন বিষয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে আগামীকাল (রোববার) ইতালির রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রোববার সকাল ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করবে।
সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি, তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদের মিলনমেলা, যেখানে ভবিষ্যতের খাদ্য ব্যবস্থার রূপরেখা নিয়ে মতবিনিময় করা হয়।
চলতি বছরের ফোরামটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এফএওর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক ও নীতিনির্ধারণী উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
অধ্যাপক ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে ১৫ অক্টোবর।
তথ্যসূত্র: বাসস

Posted ২:৫৭ অপরাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


