২০২৬ সালে কোন মাসে কত দিনের টানা ছুটি

  |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

২০২৬ সালে কোন মাসে কত দিনের টানা ছুটি
Share

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা আগেই প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৯ নভেম্বর ২০২৫ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি আরও ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন হলেও এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। ফলে প্রকৃত ছুটি দাঁড়াচ্ছে ১৯ দিন।

এ ছাড়া বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে। মুসলিম কর্মচারীরা সর্বোচ্চ ৫ দিন, হিন্দু ৯ দিন, খ্রিষ্টান ৮ দিন, বৌদ্ধ ৭ দিন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কর্মচারীরা ২ দিন করে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। তবে একজন কর্মকর্তা-কর্মচারী নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন, যা সাপ্তাহিক ও সরকারি ছুটির সঙ্গে যুক্ত করা যাবে।

সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে এই ছুটির তালিকা অনুসরণ করা হবে। যেসব দপ্তরের ছুটি নিজস্ব আইন বা বিশেষ বিধানের আওতায় পরিচালিত, সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

সাপ্তাহিক ছুটির সঙ্গে বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস মিলিয়ে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক দীর্ঘ ছুটির সুযোগ থাকছে।

ফেব্রুয়ারিতে চাঁদ দেখা সাপেক্ষে শবে বরাতে নির্বাহী আদেশে ছুটি থাকতে পারে ৪ ফেব্রুয়ারি, যা বুধবার পড়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বৃহস্পতিবার এক দিন ছুটি নিলে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের অবকাশ মিলবে।

মার্চ মাসে সবচেয়ে বেশি লম্বা ছুটির সুযোগ রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটি এবং নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে এক দিন ছুটি নিলে টানা সাত দিনের অবকাশ পাওয়া যেতে পারে। এ ছাড়া স্বাধীনতা দিবসকে ঘিরেও চার দিনের ছুটির সুযোগ রয়েছে।

এপ্রিলে বাংলা নববর্ষ উপলক্ষে দুই দিন ছুটি নিলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ কাটানো সম্ভব।

মে মাসে ঈদুল আজহাকে কেন্দ্র করে সবচেয়ে দীর্ঘ ছুটির সুযোগ থাকছে। মাত্র দুই দিন ছুটি নিতে পারলে সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশের ছুটিসহ টানা ১০ দিনের অবকাশ মিলতে পারে।

আগস্টে দুটি আলাদা সময়ে চার দিনের ছুটির সুযোগ রয়েছে। ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস এবং চাঁদ দেখা সাপেক্ষে ঈদে মিলাদুন্নবির ছুটির সঙ্গে এক দিন করে ছুটি নিলে এ সুযোগ পাওয়া যাবে।

অক্টোবরে দুর্গাপূজার নবমী ও বিজয়া দশমীর ছুটির সঙ্গে এক দিন ছুটি নিলে টানা পাঁচ দিনের অবকাশ মিলবে।

ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে এক দিন ছুটি নিলে সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে টানা চার দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সব মিলিয়ে ২০২৬ সালে পরিকল্পনা অনুযায়ী ছুটি নিলে সরকারি চাকরিজীবীরা একাধিক সময়ে দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন, যা কর্মব্যস্ত জীবনে কিছুটা স্বস্তি এনে দেবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৫৭ পিএম | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com