সঞ্চয়পত্রে মুনাফা কমল, জানুয়ারি থেকে কার্যকর নতুন হার

  |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

সঞ্চয়পত্রে মুনাফা কমল, জানুয়ারি থেকে কার্যকর নতুন হার
Share

জাতীয় সঞ্চয় অধিদফতরের আওতায় পরিচালিত বিভিন্ন সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। স্কিমভেদে সংশোধিত মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ দশমিক ৫৯ শতাংশ থেকে সর্বনিম্ন ৮ দশমিক ৭৪ শতাংশ পর্যন্ত। নতুন হার আজ ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার পুনঃনির্ধারণ করা হয়েছে।

নতুন ব্যবস্থায় সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে থাকবেন ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারীরা এবং দ্বিতীয় ধাপে থাকবেন এর বেশি বিনিয়োগকারীরা।মেয়াদ পূর্তির আগেই ভাঙালে বছরভেদে ভিন্ন হারে মুনাফা প্রযোজ্য হবে।

পরিবার সঞ্চয়পত্রে ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৫৪ শতাংশ। আর এর বেশি বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ৪১ শতাংশ হারে।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফা হবে ১০ দশমিক ৪৮ শতাংশ এবং বেশি বিনিয়োগে ১০ দশমিক ৪৩ শতাংশ।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগে মুনাফা নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৪৪ শতাংশ এবং বেশি বিনিয়োগে ১০ দশমিক ৪১ শতাংশ।

পেনশনার সঞ্চয়পত্রে ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৫৯ শতাংশ। বেশি বিনিয়োগে এই হার ১০ দশমিক ৪১ শতাংশ।

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিমেও মুনাফার হার কমানো হয়েছে। তিন বছর মেয়াদ শেষে কম বিনিয়োগে মুনাফা হবে ১০ দশমিক ৪৮ শতাংশ এবং বেশি বিনিয়োগে ১০ দশমিক ৪৩ শতাংশ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই নতুন মুনাফার হার কার্যকর থাকবে। ছয় মাস পর জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার পুনরায় পর্যালোচনা করা হবে। তবে যে বিনিয়োগকারীরা ইস্যুর সময় যে হারে সঞ্চয়পত্র কিনবেন, তারা পুরো মেয়াদজুড়েই সেই হার অনুযায়ী মুনাফা পাবেন।

২০২৬ সালের ১ জানুয়ারির আগে ইস্যু করা সব জাতীয় সঞ্চয় স্কিমে ইস্যুকালীন মুনাফার হারই বহাল থাকবে। পুনঃবিনিয়োগের ক্ষেত্রে পুনঃবিনিয়োগের তারিখের হার প্রযোজ্য হবে।

এ ছাড়া ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:৩০ পিএম | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com