
| মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 195 বার পঠিত

আইন মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে অধ্যাদেশ-২০২৫ জারি করেছে। অধ্যাদেশে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল জোট করলেও তাদের মনোনীত প্রার্থী নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন, অন্য দলের বা বড় দলের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ থাকবে না।
সোমবার (৩ নভেম্বর) গেজেটে প্রকাশিত এ অধ্যাদেশের তথ্য মঙ্গলবার গণমাধ্যমে জানানো হয়। সংশোধিত আরপিওর খসড়া নীতিগত অনুমোদন পেয়েছিল ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে।
বিএনপি জোটবদ্ধ দল হলেও দলীয় প্রতীকেই নির্বাচন করার বিষয়ে আপত্তি জানিয়েছিল। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সংশোধনের পক্ষে অবস্থান নেয়। শেষমেষ জোট প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট দেওয়ার বিধান রেখে অধ্যাদেশ জারি করা হয়েছে।
নতুন নিয়মে দুই বা ততোধিক নিবন্ধিত রাজনৈতিক দল যৌথ প্রার্থী দিলে নির্বাচন কমিশন সেই প্রার্থীকে সেই দলের সংরক্ষিত প্রতীক ব্যবহার করতে বরাদ্দ দিতে পারবে। এছাড়া আবেদন করতে হবে তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে। সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে আরপিওতে, যা প্রার্থী ও দলের আচরণ বিধিমালা নির্ধারণে প্রযোজ্য হবে।
উল্লেখ্য, আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সালে প্রথম প্রণয়ন করা হয়। এর পর বিভিন্ন সময়ে আইনটি সংশোধন করা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালে গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন পাস হয়। আরপিওতে নির্বাচনের স্বাধীনতা, মানুষের গণঅধিকার এবং নির্বাচন পরিচালনার নীতিমালা নির্ধারিত থাকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে পারে। এ লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারে। ইতোমধ্যে ২৩৭ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও সব আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং বাকি দলগুলোও নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।

Posted ১২:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


