
| শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 345 বার পঠিত

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছর মোট ছুটি থাকবে ২৮ দিন, এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারে পড়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে, যার মধ্যে ১৯ দিন কর্মদিবসে পড়বে।
একই বৈঠকে নতুন লজিস্টিক নীতিমালাও অনুমোদন দেওয়া হয়েছে। প্রেস সচিব জানান, ২০২৪ সালের নীতিমালাটি কার্যকর ছিল না এবং তাতে শেখ মুজিবুর রহমানের বন্দনা কেন্দ্রিক বিষয়বস্তু বেশি ছিল। নতুন নীতিমালাটি বাস্তবধর্মী এবং বিনিয়োগবান্ধবভাবে প্রণয়ন করা হয়েছে।
নতুন নীতিমালায় ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের লজিস্টিক খাতের মূল ফোকাস রেল ও নৌপথে রাখা হয়েছে। বর্তমানে দেশের প্রায় ৩ হাজার কিলোমিটার নৌ ও রেলপথের পূর্ণ ব্যবহার হচ্ছে না—এই ব্যবস্থার উন্নয়নে সরকারি ও বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা হবে।
নীতিমালায় ১১টি অধ্যায় রয়েছে, যেখানে পরিবেশবান্ধব ও দ্রুততর পণ্য পরিবহন নিশ্চিত করার দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরে পণ্য আটকে থাকার সময় উল্লেখযোগ্যভাবে কমবে এবং রপ্তানিতে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Posted ১২:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


