শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অন্তর্বর্তী সরকার গঠন বৈধ: হাইকোর্টের রায় বহাল রাখল আপিল বিভাগ

  |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   190 বার পঠিত

অন্তর্বর্তী সরকার গঠন বৈধ: হাইকোর্টের রায় বহাল রাখল আপিল বিভাগ

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে এ আদেশ দেন। এর ফলে অন্তর্বর্তী সরকার গঠনের বৈধতা আবারও নিশ্চিত হলো।

লিভ টু আপিলের পক্ষে সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ নিজেই শুনানি করেন। অন্যদিকে ইন্টারভেনার হিসেবে যুক্ত হওয়া লেখক ফিরোজ আহমেদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। এ ছাড়াও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সিনিয়র আইনজীবী শিশির মনির ইন্টারভেনার পক্ষে শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে যুক্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চান, দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠন কতটা আইনসম্মত হবে—এই প্রশ্নে। আপিল বিভাগের মতামতের ভিত্তিতেই অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা সরকার গঠিত ও শপথ গ্রহণ সম্পন্ন হয়।

এই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ হাইকোর্টে রিট দায়ের করলে তা সরাসরি খারিজ করে দেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী। পরে তিনি লিভ টু আপিল করলে আজ আপিল বিভাগও হাইকোর্টের মতামতই বহাল রাখল।

হাইকোর্ট তার আদেশে উল্লেখ করেছিল—অস্বাভাবিক এক জাতীয় পরিস্থিতিতে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের উপদেশমূলক মতামত গ্রহণ করে ব্যবস্থা নিয়েছেন, যা আইনি দিক থেকে বৈধ এবং জনগণের ইচ্ছার প্রতিফলন। আদালত আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি যদি মনে করেন জনগুরুত্বপূর্ণ কোনো আইনগত প্রশ্নের ব্যাখ্যার প্রয়োজন, তবে তিনি তা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পাঠাতে পারেন। শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপতিকে মতামত দিতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। পরদিন সংসদ ভেঙে দেওয়া এবং ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগেই রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠিয়েছিলেন।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
advertisement

Posted ১২:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com