
| রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 394 বার পঠিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ২৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা। প্রকল্পগুলোর অর্থায়ন আসবে সরকারি তহবিল, বৈদেশিক ঋণ এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব উৎস থেকে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে ৩২ হাজার ১৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা।
রোববার ২৫ জানুয়ারি রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন প্রকল্প রয়েছে। পাশাপাশি ৬টি প্রকল্প সংশোধন করা হয়েছে এবং ৫টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের তথ্যমতে, উল্লেখযোগ্য প্রকল্পগুলোর একটি হলো উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে এক হাজার শয্যা বিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল স্থাপন। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনও অনুমোদন পেয়েছে।
যোগাযোগ খাতে উন্নয়নের অংশ হিসেবে চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং দোহাজারী–রামু–কক্সবাজার সিঙ্গেল লাইন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন একনেকে পাস হয়েছে।
এ ছাড়া যুব ও তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশীদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির একটি সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুলের বাইরে থাকা শিশুদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ তৈরির একটি প্রকল্পেও সম্মতি দিয়েছে একনেক।
সভায় আরও জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি করা হবে। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ ও অবলোকন কেন্দ্র এবং খুলনা নভোথিয়েটার প্রকল্প দুটি অসমাপ্ত রেখেই সমাপ্ত ঘোষণা করার বিষয়টি একনেককে অবহিত করা হয়।
একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকা ব্যয়ের ১০টি ক্ষুদ্র প্রকল্প সম্পর্কেও একনেক সদস্যদের অবহিত করা হয়।

Posted ৩:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


