নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ মে ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড তাদের স্পিনিং ইউনিটের উৎপাদন কার্যক্রম দেড় বছর বা প্রায় ১৮ মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। লোকসান এড়ানো এবং আধুনিকায়ন কার্যক্রম (বিএমআরই) বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সোমবার (১১ মে) কোম্পানিটি এ তথ্য জানায়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুন থেকে ইউনিটটির উৎপাদন বন্ধ থাকবে।
কোম্পানি জানিয়েছে, দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরোনো যন্ত্রপাতির কারণে স্পিনিং ইউনিটে উৎপাদন সক্ষমতা কমে যাওয়া, সুতার মান নিম্ন হওয়া এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় ইউনিটটি লোকসানে পড়েছিল। একসময় লাভজনক এই ইউনিট এখন কোম্পানির আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়ায়।
এই পরিস্থিতিতে স্পিনিং ইউনিটটি সাময়িকভাবে বন্ধ রেখে সেখানে বিএমআরই কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। এর আওতায় পুরোনো মেশিন অপসারণ করে আধুনিক স্বয়ংক্রিয় স্পিন্ডল মেশিন স্থাপন, কারখানা ভবনের সংস্কার, কমিশনিং এবং পরীক্ষামূলক উৎপাদন করা হবে।
সায়হাম টেক্সটাইলের দুটি ইউনিটের মধ্যে স্পিনিং ইউনিটটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত, আর মেলাঞ্জ ইউনিট ২০১৩ সালে বাণিজ্যিক উৎপাদনে শুরু করে।
কোম্পানি আশা করছে, বিএমআরই সম্পন্ন হলে উৎপাদন ক্ষমতা বাড়বে, ব্যয় কমবে এবং দীর্ঘমেয়াদে লাভজনকতা উন্নত হবে।
Posted ১১:৩৩ এএম | সোমবার, ১১ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity