ঋণ-আমানতের সুদ ব্যবধানে লাগাম, সর্বোচ্চ স্প্রেড ৪ শতাংশ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট

ঋণ-আমানতের সুদ ব্যবধানে লাগাম, সর্বোচ্চ স্প্রেড ৪ শতাংশ নির্ধারণ
Share

ব্যাংকগুলো যাতে আমানতের তুলনায় ঋণের সুদহার অতিরিক্ত বাড়াতে না পারে, সে লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্য সব ধরনের ঋণের ক্ষেত্রে ঋণ ও আমানতের গড় সুদহারের ব্যবধান (ইন্টারমিডিয়েশন স্প্রেড) সর্বোচ্চ ৪ শতাংশ রাখতে হবে।

এ বিষয়ে সোমবার (২৯ জুন) একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, সাম্প্রতিক সময়ে অনেক ব্যাংক আমানতের সুদ তুলনামূলক কম বাড়ালেও ঋণের সুদ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফলে ঋণ ও আমানতের সুদের ব্যবধান অনেক বেড়ে গেছে। এতে ব্যবসা-বাণিজ্য, শিল্প ও উৎপাদন খাতের ঋণের ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে অনেক ব্যাংক গড়ে প্রায় সাড়ে ৬ শতাংশ সুদে আমানত সংগ্রহ করলেও ১২ শতাংশের বেশি সুদে ঋণ দিচ্ছে। এতে গড় সুদ ব্যবধান সাড়ে ৫ শতাংশেরও বেশি হয়েছে। কিছু ব্যাংকের ক্ষেত্রে এই ব্যবধান ৮ থেকে ১০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

এ পরিস্থিতিতে উৎপাদনশীল খাতের ঋণের ব্যয় নিয়ন্ত্রণে রাখতে ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্য সব ঋণের ক্ষেত্রে গড় সুদ ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯(২)(চ) ও ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আশা, নতুন এ সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলো ঋণের সুদহার নির্ধারণে আরও সংযত হবে। এতে ঋণগ্রহীতাদের অর্থায়ন ব্যয় কমবে এবং বিনিয়োগ, উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

 

/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:১৯ পিএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com