নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ জুলাই) দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামও ঊর্ধ্বমুখী ছিল।
দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮৭ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৮ দশমিক ১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৯ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১ দশমিক ৩২ পয়েন্টে উন্নীত হয়েছে।
এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৭টির দর বেড়েছে, ১৫৩টির দর কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। রোববার ডিএসইতে মোট ১ হাজার ৫৩০ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ১ হাজার ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকার তুলনায় প্রায় ৯০ কোটি ৫৩ লাখ টাকা বেশি।
Posted ৩:০৬ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity