নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ জুন ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪২টি কোম্পানির ভবিষ্যৎ ব্যবসায়িক কার্যক্রম নিয়ে অনিশ্চয়তার তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বিনিয়োগকারীদের ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং তথ্যভিত্তিক বিনিয়োগ সিদ্ধান্তে সহায়তা করতেই এই তালিকা প্রকাশ করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ‘গোয়িং কনসার্ন থ্রেট’ তালিকায় অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর আর্থিক অবস্থা, পরিচালন কার্যক্রম এবং ব্যবসার ধারাবাহিকতা নিয়ে উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভবিষ্যতে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখা নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত পাওয়া গেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই তালিকার উদ্দেশ্য কোনো কোম্পানিকে দোষারোপ করা নয়; বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ও ব্যবসায়িক অবস্থার বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করা। এতে বিনিয়োগকারীরা কোম্পানির মৌলভিত্তি, আর্থিক প্রতিবেদন এবং ঝুঁকির মাত্রা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন।
ডিএসইর প্রকাশিত তালিকায় স্থান পাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন, আজিজ পাইপস, বারাকা পাওয়ার, বাংলাদেশ সার্ভিসেস, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ঢাকা ডাইং, ডোরিন পাওয়ার, দুলামিয়া কটন, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার্স্ট ফাইন্যান্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জিবিবি পাওয়ার, গ্লোবাল হেভি কেমিক্যালস, জিএসপি ফাইন্যান্স, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, আইসিবি ইসলামিক ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইনটেক, জুট স্পিনার্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, খুলনা পাওয়ার, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, মেঘনা সিমেন্ট মিলস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, মিথুন নিটিং অ্যান্ড ডাইং, ন্যাশনাল টি কোম্পানি, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাফকো স্পিনিং মিলস, শ্যামপুর সুগার মিলস, সোশ্যাল ইসলামী ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইলস, সানলাইফ ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং মিলস, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি এবং জিল বাংলা সুগার মিলস।
বিশ্লেষকদের মতে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক স্বাস্থ্য ও ব্যবসায়িক সক্ষমতা সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশ বাজারের জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Posted ১০:৩৯ পিএম | বুধবার, ১৭ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity