বুধবার ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট

বুধবার ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন
Share

আগামীকাল বুধবার (১ জুলাই) সারা দেশে পালিত হবে ব্যাংক হলিডে। এদিন গ্রাহকদের জন্য সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। একই কারণে দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এও কোনো লেনদেন অনুষ্ঠিত হবে না।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি বছরের ১ জুলাই ব্যাংকগুলো অর্ধবার্ষিক হিসাব সমাপনী কার্যক্রম সম্পন্ন করে। বছরের প্রথম ছয় মাসের আর্থিক তথ্য-উপাত্ত একত্র করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুতের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

এদিন দেশের সব তফসিলি ব্যাংকের শাখায় গ্রাহকসেবা বন্ধ থাকবে। ফলে নগদ অর্থ জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ শাখাভিত্তিক সব ধরনের ব্যাংকিং সেবা স্থগিত থাকবে। পাশাপাশি আন্তঃব্যাংক আর্থিক লেনদেনও বন্ধ থাকবে।

তবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব কার্যালয়ে শুধুমাত্র অভ্যন্তরীণ প্রশাসনিক, হিসাব-নিকাশ ও সমাপনী সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে; সাধারণ গ্রাহকদের কোনো ধরনের লেনদেন সেবা দেওয়া হবে না।

ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় এদিন দেশের পুঁজিবাজারেও লেনদেন হবে না। কারণ শেয়ার ক্রয়-বিক্রয়ের অর্থ নিষ্পত্তি সম্পূর্ণভাবে ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীল। ফলে ব্যাংক হলিডেতে স্বাভাবিকভাবেই ডিএসই ও সিএসইর লেনদেনও স্থগিত থাকে।

উল্লেখ্য, অর্ধবার্ষিক হিসাব সমাপনী উপলক্ষে প্রতি বছর ১ জুলাই এবং বার্ষিক হিসাব সমাপনী উপলক্ষে ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন করা হয়। এই দুই দিন ব্যাংকগুলো আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও হিসাব চূড়ান্তকরণের কাজ সম্পন্ন করে।

 

/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:০৫ এএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com