নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট
বাংলা কিউআর (বাংলা কিউআর) কোড ব্যবহার করে পণ্য ও সেবার মূল্য পরিশোধের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআর স্ক্যান করে মার্চেন্ট পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে ব্যাংক ও অন্যান্য সেবাদাতা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে ন্যূনতম ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) আদায় করতে পারবে। এ হারের মধ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত থাকবে।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এর আগে জারি করা পিএসডি সার্কুলার নং-২/২০২৫-এর অন্যান্য ফি, চার্জ ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে। তবে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থার আওতায় ব্যাংক হিসাব, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড এবং বিকাশ, রকেটসহ এমএফএস ও পিএসপির মাধ্যমে পরিচালিত মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে এ ন্যূনতম এমডিআর হার কার্যকর হবে।
তবে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও উৎসাহিত করতে কোনো অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান চাইলে নিজস্ব উদ্যোগে প্রমোশনাল ক্যাম্পেইন, বিশেষ ছাড় বা প্রচারণামূলক কর্মসূচি পরিচালনা করতে পারবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
Posted ৯:১৩ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity