প্রতিদিনের অর্থনীতি রিপোর্ট | শনিবার, ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে একগুচ্ছ সংস্কার উদ্যোগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্রোকারেজ হাউজে নিয়মিত অডিট, বিনিয়োগকারীদের সিগনেচার প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল করা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বাজার নজরদারি চালু এবং ভালো কোম্পানির জন্য ডাইরেক্ট লিস্টিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয়’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ খান বলেন, ব্রোকারেজ হাউজগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত অডিট করা হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের সিগনেচার প্রক্রিয়া আর ব্রোকারেজ হাউজের নিয়ন্ত্রণে থাকবে না; পুরো ব্যবস্থাই ডিজিটাল করা হবে। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এমন একটি ব্যাক-অফিস সফটওয়্যার তৈরি করছে, যার মাধ্যমে কোনো ব্রোকারেজ হাউজ বিনিয়োগকারীর তথ্য পরিবর্তন করতে পারবে না।
তিনি জানান, আগামী এক বছরের মধ্যে ডিএসইর সার্ভেইল্যান্স বিভাগকে এআইভিত্তিক করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে কোনো শেয়ারের দামে অস্বাভাবিক ওঠানামা হলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে এবং প্রয়োজন হলে ওই শেয়ারের লেনদেনও বন্ধ করা যাবে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বাজারে আস্থা ফিরিয়ে আনতে শুধু নিয়ন্ত্রকের উদ্যোগ যথেষ্ট নয়; সুশাসন, জবাবদিহি এবং রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন। বর্তমানে কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিকে দ্রুত বাজারে আনতে ডাইরেক্ট লিস্টিং চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, ভালো কোম্পানি তালিকাভুক্ত হলে বিদেশে রোডশো করে বিনিয়োগ আহ্বানের প্রয়োজন হবে না।
তিনি আরও বলেন, দেশের অধিকাংশ ক্ষুদ্র বিনিয়োগকারী পর্যাপ্ত জ্ঞান ছাড়া গুজবের ভিত্তিতে বিনিয়োগ করেন এবং দ্রুত লাভের আশায় দুর্বল শেয়ারে অর্থ লগ্নি করে ক্ষতির মুখে পড়েন। এ কারণে মিউচুয়াল ফান্ড খাতকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিনিয়োগকারীবান্ধব করতে বিদ্যমান মার্জিন ঋণ বিধিমালাও পুনর্বিবেচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দীর্ঘদিনের কারসাজি, সুশাসনের ঘাটতি ও আস্থাহীনতার কারণে দেশের পুঁজিবাজার কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। বাজারে টেকসই স্থিতিশীলতা আনতে নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা, জবাবদিহি এবং রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ‘পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয়’ বিষয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে সোনারগাঁও ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইম ইউনিভার্সিটি বিজয়ী হয়।
Posted ৩:৩৪ পিএম | শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity