
| সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 290 বার পঠিত

৭ হাজার ১৫০ কোটি টাকার ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত সব প্রকল্পের ব্যয়ই সরকারের নিজস্ব তহবিল থেকে বহন করা হবে।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অনুমোদিত ১২ প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৮টি, সংশোধিত প্রকল্প ২টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বৃদ্ধির প্রকল্প ২টি।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প: মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।
কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্প হলো ‘কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওর এলাকার ক্ষুদ্রসেচ ব্যবস্থাপনার উন্নয়ন (৩য় সংশোধন)’।
শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে আছে ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন’ এবং ‘চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (২য় সংশোধিত)’।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প হলো ‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়) (১ম সংশোধিত)’।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন পায়। এগুলো হলো— সমাপ্ত ৪র্থ সেক্টর কর্মসূচির আওতায় অসমাপ্ত পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়ন; স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কার্যক্রমে সমন্বিত উন্নয়ন; এবং ‘PFD, HEF, IFM, HRD ও SWPMM’-এর অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়ন প্রকল্প।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্প হলো ‘ঢাকা সেনানিবাসে নির্ঝর আবাসিক এলাকায় বি-টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ’।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকল্প হলো ‘নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ (২য় সংশোধিত, ৪র্থ মেয়াদ বৃদ্ধি)’।
এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রকল্প ‘বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল (৩য় সংশোধিত)’ও অনুমোদন পেয়েছে।
সভায় আরও নয়টি প্রকল্পের অনুমোদনের বিষয়ে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে— বহুস্তরীয় শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ, যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক দক্ষতা উন্নয়ন, উপকূলীয় স্থিতিস্থাপকতা বৃদ্ধি, কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন, ঢাকা শহরের আশপাশের এলাকা উন্নয়ন এবং র্যাবের কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রকল্পসহ অন্যান্য উদ্যোগ।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Posted ৪:৫০ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


