
| বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 184 বার পঠিত

বাংলাদেশের রাজনীতির এক অধ্যায়ের অবসান ঘটিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন লাখ লাখ মানুষ।
জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুল, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিকসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা। জানাজা পড়ান বায়তুল মোকাররমের খতীব মুফতি আবদুল মালেক।
জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরেন। পরে তারেক রহমান তার মায়ের পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
এর আগে দুপুরে মানিক মিয়া এভিনিউতে পৌঁছায় খালেদা জিয়ার মরদেহ। জানাজা শেষে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। দাফনকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় ছিল কড়া নিরাপত্তা; পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।
মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকাহত দেশবাসী, শোকে স্তব্ধ পুরো বাংলাদেশ।

Posted ৩:৩০ অপরাহ্ণ | বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


