
| বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 177 বার পঠিত

দেশের সংস্কৃতি, শিল্প ও জ্ঞানচর্চায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদক পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। এবারের তালিকায় কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু এবং খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতার নাম বিশেষভাবে আলোচনায় এসেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
এবার চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ববিতা। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু। ব্যান্ড সংগীতে অবদানের জন্য সম্মাননা পাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেইজ’।
এছাড়া চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার এবং নৃত্যকলায় অথৈ আহমেদ পদকের জন্য মনোনীত হয়েছেন।
ভাষা আন্দোলনের চেতনা ও জাতীয় সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর একুশে পদক প্রদান করা হয়। দেশের শিল্প-সংস্কৃতি, সাহিত্য ও জ্ঞানচর্চায় অবদান রাখা ব্যক্তিদের এই সম্মাননা রাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত।

Posted ৮:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


