| বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ | প্রিন্ট
ব্যাংকের শাখা ও ব্যবসা কেন্দ্রের জন্য অফিস ভাড়া নেওয়ার প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় ঢাকা ও অন্যান্য সিটি করপোরেশন এলাকা এবং এর বাইরের অঞ্চলে ব্যাংকগুলো প্রতি বর্গফুট জায়গার জন্য সর্বোচ্চ কত টাকা ভাড়া দিতে পারবে, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বুধবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এখন থেকে ব্যাংকগুলো নতুন শাখা বা ব্যবসা কেন্দ্র স্থাপনের জন্য জায়গা ভাড়া নেওয়া, ইজারা চুক্তি করা কিংবা বিদ্যমান ভাড়ার চুক্তি নবায়নের ক্ষেত্রে নিজ নিজ পরিচালনা পর্ষদের অনুমোদনের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবে। তবে ভাড়ার পরিমাণ অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত সর্বোচ্চ সীমার মধ্যে থাকতে হবে।
নতুন নীতিমালা অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় প্রতি বর্গফুট জায়গার সর্বোচ্চ ভাড়া অঞ্চলভেদে আলাদা করে নির্ধারণ করা হয়েছে। রাজধানী ঢাকায় প্রতি বর্গফুটের সর্বোচ্চ ভাড়া ধরা হয়েছে ১০৪ টাকা। চট্টগ্রামে ৬১ টাকা, বরিশালে ৪৮ টাকা, রংপুরে ৪৫ টাকা, সিলেটে ৪০ টাকা এবং ময়মনসিংহে ৩৬ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া রাজশাহী ও খুলনা সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৩৪ টাকা।
সিটি করপোরেশন এলাকার বাইরে পৌরসভা ও গ্রামীণ অঞ্চলের জন্য ভাড়ার সীমা আরও কম রাখা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান ও বাজার পরিস্থিতি বিবেচনায় এ সীমা নির্ধারণ করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
নতুন নীতিমালায় পূর্বানুমোদনের বাধ্যবাধকতা শিথিল করা হলেও কিছু শর্ত বহাল রাখা হয়েছে। কোনো ভাড়া চুক্তি সম্পাদনের পর সংশ্লিষ্ট ব্যাংককে ১০ কার্যদিবসের মধ্যে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।
তবে কয়েকটি বিশেষ ক্ষেত্রে এখনো কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন বাধ্যতামূলক থাকবে। এর মধ্যে রয়েছে—নির্ধারিত সর্বোচ্চ ভাড়ার সীমা অতিক্রম করলে, ভবনের মালিকের সঙ্গে ব্যাংকের পরিচালক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থের সংঘাত থাকলে, বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই শাখা স্থানান্তর করা হলে এবং ব্যাংকের প্রধান কার্যালয় বা নিয়ন্ত্রণকারী দপ্তরের জন্য ভবন ভাড়া নেওয়ার ক্ষেত্রে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান দায়িত্ব নেওয়ার পর ব্যাংক খাতে একটি ইউনিফর্ম নীতিমালা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এ নির্দেশনা জারি করা হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলোর নতুন শাখা স্থাপন ও স্থানান্তরের সংখ্যা বাড়ায় অনুমোদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকগুলো দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে এবং নতুন শাখা চালু বা স্থানান্তরের প্রক্রিয়াও কম সময়ে সম্পন্ন করা সম্ভব হবে।
তবে নীতিমালায় উল্লেখ করা হয়েছে, শাখা বা ব্যবসা কেন্দ্র স্থাপন ও স্থানান্তরের ক্ষেত্রে ব্যাংকগুলোকে বিদ্যমান আইনগত বিধান, বিশেষ করে ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
Posted ১১:৫১ পিএম | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity