প্রতিদিনের অর্থনীতি | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে মাল্টিপল অকশন পদ্ধতিতে এ ডলার সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
নিলামে ডলারের সর্বোচ্চ বিনিময় হার ছিল ১২২ টাকা ৭৫ পয়সা এবং এই দরেই ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে বুধবারও একই দরে ৭০ মিলিয়ন ডলার কেনা হয়। ফলে দুদিনে মোট ১২০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৫ হাজার ৬১৩ দশমিক ৫০ মিলিয়ন ডলার কেনা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রবাসী আয় ও রপ্তানি আয় বাড়ায় দেশে ডলারের সরবরাহ বেড়েছে এবং বাজারে কিছুটা স্থিতিশীলতা এসেছে। তবে ডলারের দাম অতিরিক্ত কমে গেলে রপ্তানিকারক ও রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই ঝুঁকি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে ভারসাম্য বজায় রাখার কৌশল নিয়েছে।
এছাড়া নিয়মিত ডলার কেনার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Posted ৭:১১ পিএম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity