
| বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 264 বার পঠিত

আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ শপথ গ্রহণের পর থেকেই কার্যকর হবে।
আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন। সংবিধান অনুযায়ী বয়সসীমা পূর্ণ হওয়ায় দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইন বিষয়ে আরও একটি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
তার আইনজীবী জীবন শুরু হয় ১৯৮৫ সালে জজ কোর্টে তালিকাভুক্তির মাধ্যমে। এরপর ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। দীর্ঘদিন সফলভাবে আইন পেশায় যুক্ত থাকার পর ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।
পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং ১৩ আগস্ট তিনি শপথ গ্রহণ করেন। দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে এবার তিনি দেশের সর্বোচ্চ বিচারিক পদে অধিষ্ঠিত হলেন।

Posted ১০:১১ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


